Home সর্বশেষ লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কবরস্থান থেকে নতুন ৫টি রাইফেল ও ১টি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কবরস্থান থেকে নতুন ৫টি রাইফেল ও ১টি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ কবরস্থান থেকে নতুন ৫টি রাইফেল ও ১টি এলজি উদ্ধার

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা পুলিশ নোয়াখালী জেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাঁচটি নতুন রাইফেল ও একটি এলজি (লাইট গান) উদ্ধার করেছে। রবিবার (৭ ডিসেম্বর) সকালে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার আলাইয়াপুর ইউনিয়নের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের একটি কবরস্থানে অভিযান চালিয়ে এই আগ্নেয়াস্ত্রগুলো উদ্ধার করা হয়।

চন্দ্রগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় একটি কবরস্থান থেকে কাগজে মোড়ানো ছয়টি প্যাকেট উদ্ধার করা হয়। প্যাকেটগুলোর ভেতরে পাঁচটি রাইফেল ও একটি এলজি ছিল। অস্ত্রগুলো সম্পূর্ণ নতুন বলে নিশ্চিত করেছে পুলিশ।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান বলেন, ‘‘উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে নোয়াখালী-লক্ষ্মীপুরের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয়। অভিযানের সময় স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।’’

তিনি আরও বলেন, অস্ত্রগুলো জব্দ দেখানো হয়েছে এবং এই অস্ত্রের মালিক বা এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে।