লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী ইউনিফিলের টহল দলের ওপর হামলার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে দেশটির সেনাবাহিনী। শনিবার এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈরুতভিত্তিক ফরাসি সংবাদসংস্থা এএফপি জানিয়েছে, বৃহস্পতিবার তিনটি মোটরসাইকেলে থাকা ছয়জন বন্দুকধারী ইউনিফিলের একটি টহল গাড়িতে গুলি চালায়। হামলায় কেউ হতাহত না হলেও ঘটনাটি নিয়ে উদ্বেগ তৈরি হয়।
শনিবার সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, গোয়েন্দা অধিদপ্তর হামলার পর তদন্ত শুরু করে এবং ছয়জন লেবাননি সন্দেহভাজনকে গ্রেপ্তার করে। সেনাবাহিনী জানায়, ইউনিফিলের ওপর কোনো ধরনের হামলা সহ্য করা হবে না।
সেনাবাহিনী আরও জানায়, ইসরায়েল সীমান্তের কাছে লিতানি নদীর দক্ষিণাঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে ইউনিফিল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
১৯৭৮ সালের মার্চ থেকে ইউনিফিল ইসরায়েল ও লেবাননের মধ্যে বাফার বা অন্তর্বর্তী অঞ্চল হিসেবে কাজ করছে। পাশাপাশি, ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাত থামানোর লক্ষ্যে ২০২৪ সালের নভেম্বরে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে, তা পর্যবেক্ষণের দায়িত্বও এই শান্তিরক্ষী বাহিনীর ওপর ন্যস্ত।
চুক্তি অনুযায়ী লেবানন থেকে ইসরায়েলি বাহিনী সরে যাবে ও হামলা বন্ধ করবে এবং একই সঙ্গে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ নিশ্চিত করার কথা রয়েছে।