আন্তর্জাতিক প্রোটোকল মেনে জুলাই গণঅভ্যুত্থানের অজ্ঞাতপরিচয় শহীদদের মরদেহ উত্তোলন করা হবে: সিআইডি প্রধান

0
57

জুলাই গণঅভ্যুত্থানে শাহাদাৎবরণকারী অজ্ঞাতপরিচয় শহীদদের মরদেহ আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ করে উত্তোলন ও শনাক্ত করা হবে বলে জানিয়েছেন সিআইডি প্রধান অতিরিক্ত আইজিপি মো. ছিবগাত উল্লাহ। শনিবার রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ সংলগ্ন কবরস্থানে মরদেহ উত্তোলনপূর্বক শনাক্তকরণ কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

সিআইডি প্রধান জানান, পরিচয়হীন অবস্থায় দাফন করা এসব শহীদদের পরিচয় উদঘাটন করা জাতির কাছে একটি দায়িত্ব। তিনি বলেন, “আনাসের মতো যারা বুকের রক্ত ঢেলে দেশের জন্য রাজপথে নেমেছিল, তাদের প্রতি আমাদের গভীর শ্রদ্ধা। এই কবরস্থানের যেসব মরদেহের নাম-পরিচয় যাচাই হয়নি, তাদের পরিচয় উদঘাটনে আজ থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু হলো।”

তিনি আরও জানান, জাতিসংঘের মানবাধিকার সংস্থা (ওএইচসিএইচআর) এর সহায়তায় আর্জেন্টিনার আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার ঢাকায় এসে পুরো প্রক্রিয়ার নেতৃত্ব দিচ্ছেন। গত ৪০ বছরে ৬৫টি দেশে এ ধরনের অপারেশনে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এই বিশেষজ্ঞের।

সিআইডি প্রধান বলেন, আন্তর্জাতিক প্রোটোকল ও মিনেসোটা প্রোটোকল অনুসরণ করে মরদেহ উত্তোলন, পোস্টমর্টেম, ডিএনএ স্যাম্পলিংসহ প্রতিটি ধাপ সম্পন্ন করা হবে। এ লক্ষ্যে সিটি করপোরেশন, ঢাকা মেডিকেল কলেজ, ফরেনসিক বিভাগ, ডিএমপি, বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

তিনি জানান, পরিবারগুলোর আবেদনের ভিত্তিতে প্রাথমিকভাবে ১১৪টি কবর চিহ্নিত করা হয়েছে, যা বাস্তবে সংখ্যায় কমবেশি হতে পারে। উত্তোলিত মরদেহের পোস্টমর্টেম, বোন বা টিস্যু স্যাম্পল সংগ্রহ এবং ডিএনএ প্রোফাইল তৈরি করা হবে। পরিচয় নিশ্চিত হলে ধর্মীয় রীতিনীতি অনুসরণ করে পুনরায় দাফন করা হবে।

মরদেহ উত্তোলন কার্যক্রমে সংবেদনশীলতা ও মানবাধিকার বিবেচনায় কোনো ছবি বা গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ না করার অনুরোধ জানান সিআইডি প্রধান। তিনি বলেন, “শহীদ পরিবারের দীর্ঘদিনের বেদনার অবসান ঘটানোই আমাদের লক্ষ্য।”

সংবাদ সম্মেলনে উপস্থিত আন্তর্জাতিক ফরেনসিক বিশেষজ্ঞ লুইস ফন্ডিব্রাইডার বলেন, “গত তিন মাস ধরে সিআইডির সঙ্গে কাজ করছি। আন্তর্জাতিক মানের নিয়ম মেনে এ কার্যক্রম পরিচালনা করা হবে। আমি নিশ্চিত করে বলতে পারি, পুরো প্রক্রিয়া আন্তর্জাতিক ফরেনসিক মানদণ্ড অনুযায়ী হবে এবং স্থানীয় সংস্থাকে এ কাজে সহায়তা করা হবে।”