ক্যারিয়ারের ৪৮তম শিরোপা জিতলেন লিওনেল মেসি। সেই সঙ্গে ক্লাব ইতিহাসে প্রথমবারের মতো মেজর লিগ সকার (এমএলএস) কাপ জিতেছে তার দল ইন্টার মায়ামি। ফাইনালে কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপসকে ৩–১ গোলে হারিয়ে শিরোপা নিশ্চিত করে ডেভিড বেকহ্যামের মালিকানাধীন ক্লাবটি।
শনিবার (৬ ডিসেম্বর) দিবাগত রাতে নিউ ইয়র্কের চেজ স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ফাইনালে গোল না করেও দুইটি অ্যাসিস্ট করে জয়ের নায়ক হয়ে ওঠেন মেসি। একই সঙ্গে ক্যারিয়ারের শেষ ম্যাচ খেলতে নামা সার্জিও বুস্কেটসকে শিরোপা জিতিয়ে প্রাপ্য বিদায় উপহার দেন তিনি।
ম্যাচের অষ্টম মিনিটেই এগিয়ে যায় ইন্টার মায়ামি। মেসি ও রদ্রিগো ডি পলের দারুণ বিল্ড-আপ থেকে তাদেও আলেন্দের ক্রস ভ্যাঙ্কুভারের ডিফেন্ডার এদিয়ের ওকাম্পোর গায়ে লেগে জালে জড়ায়, আত্মঘাতী গোল থেকে আসে লিড।
৬০ মিনিটে কানাডিয়ান তারকা আলী আহমেদের জোরালো শটে সমতায় ফিরে ভ্যাঙ্কুভার। তবে ৭১তম মিনিটে প্রতিপক্ষের টার্নওভার থেকে বল কেটে নিয়ে নিখুঁত পাসে আর্জেন্টাইন সতীর্থ রদ্রিগো ডি পলকে দিয়ে আবারও এগিয়ে দেন মেসি।
ইনজুরি টাইমের ৯৬তম মিনিটে আবারও মেসির বাঁ পায়ের জাদুতে ম্যাচের ফল নিশ্চিত হয়। তার দুর্দান্ত থ্রু-পাস থেকে নিচু শটে গোল করেন তাদেও আলেন্দে। অডি এমএলএস কাপে এটি ছিল আলেন্দের রেকর্ড নবম গোল।
একই ম্যাচে ক্যারিয়ারের শেষবারের মতো মাঠে নামেন বার্সেলোনার কিংবদন্তি স্প্যানিশ মিডফিল্ডার সার্জিও বুস্কেটস। শিরোপা জয়ের মধ্য দিয়ে সোনালি ফুটবল জীবনের সমাপ্তি টানলেন তিনি।
৩০ বছরের এমএলএস ইতিহাসে ১৬তম ক্লাব হিসেবে এমএলএস কাপ জিতল ইন্টার মায়ামি। এটি ক্লাবটির দ্বিতীয় বড় শিরোপা; এর আগে ২০২৪ মৌসুমে এমএলএস সাপোর্টার্স শিল্ড জিতেছিল তারা।