পাবনায় আট কুকুরছানা হত্যার মামলায় জামিন পেলেন গৃহবধূ নিশি রহমান 

0
56

পাবনার ঈশ্বরদীতে আটটি কুকুরছানা হত্যার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার গৃহবধূ নিশি রহমান (৩৮) জামিন পেয়েছেন। রবিবার দুপুর ১২টায় পাবনা ম্যাজিস্ট্রেট কোর্টের আমলি-২ আদালতের ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম ৫ হাজার টাকা বন্ডে তার জামিন আবেদন মঞ্জুর করেন।

মামলার নথি অনুযায়ী, প্রায় এক সপ্তাহ আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনের কুকুর ‘টম’ আটটি বাচ্চা দেয়। সোমবার সকাল থেকে ছানাগুলো নিখোঁজ হলে কুকুরটির অস্বাভাবিক আচরণ, কান্না ও আর্তচিৎকারে বিষয়টি আলোচনায় আসে। পরে কর্মচারীদের মাধ্যমে জানা যায়—রাতের আঁধারে নিশি রহমান বস্তায় ভরে ছানাগুলোকে উপজেলা পরিষদের পুকুরে ফেলে দেন। পরদিন সকালে পুকুর থেকে উদ্ধার করা হয় আটটি কুকুরছানার মরদেহ।

ঘটনার পর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আকলিমা খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। সেদিন রাতেই ভাড়া বাসা থেকে নিশি রহমানকে গ্রেফতার করে পুলিশ। বুধবার তাকে আমলি-২ আদালতে হাজির করা হলে বিচারক জামিন আবেদনের শুনানির জন্য রবিবার দিন ধার্য করেন। সে সময় নিশির কোলে ছিল দুই বছরের শিশুসন্তান, যাকে আদালতের নির্দেশে মায়ের সঙ্গে কারাগারে পাঠানো হয়।

জেল কর্তৃপক্ষ জানায়, শিশুটি দুগ্ধপোষ্য হওয়ায় মায়ের সঙ্গেই কারাগারে থাকতে হয়েছে।

নিশির স্বামী হাসানুর রহমান নয়ন বলেন, “আমার ছোট ছেলে মাত্র দুই বছরের। মায়ের সঙ্গে তাকেও কারাগারে থাকতে হয়েছে। আমরা আগে জামিন আবেদন করেছিলাম, কিন্তু শুনানি হয়নি। আজ শুনানি শেষে জামিন হয়েছে।”