ভারতের উত্তর গোয়ায় একটি জনপ্রিয় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে কয়েকজন বিদেশি পর্যটকও রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।
স্থানীয় সময় শনিবার (মধ্যরাত) রাজ্যের উত্তর গোয়ার আরপোরা এলাকার ‘বার্চ বাই রোমিও লেন’ নামের নাইটক্লাবে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। রবিবার ভোরে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এবং স্থানীয় কর্মকর্তারা হতাহতের বিষয়টি নিশ্চিত করেন।
মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত সামাজিক যোগাযোগমাধ্যম এক্স–এ লিখেছেন, “আজ গোয়ার সবার জন্য খুব বেদনাদায়ক একটি দিন। আরপোরায় একটি বড় অগ্নিকাণ্ডে ২৩ জনের প্রাণহানি ঘটেছে।”
তিনি আরও জানান, তিনি নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ইতোমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। তার ভাষায়, “যারা দায়ী হবে, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনাস্থলে সাংবাদিকদের তিনি জানান, নিহতদের মধ্যে তিনজন আগুনে দগ্ধ হয়ে এবং বাকিরা ধোঁয়ায় দম বন্ধ হয়ে মারা গেছেন। নিহতদের মধ্যে তিন থেকে চারজন পর্যটক থাকতে পারেন বলেও জানান তিনি।
গোয়ার পুলিশ মহাপরিচালক অলোক কুমার বলেন, ক্লাব থেকে সব মরদেহ উদ্ধার করা হয়েছে এবং আগুন এখন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা না গেলেও তদন্তে আগুন লাগার উৎস এবং নিরাপত্তা ব্যবস্থার কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।