আল্লাহর পরই আপনাদের প্রতি সম্মান, ট্রাইব্যুনালকে ফজলুর রহমান

0
65

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে বিরূপ মন্তব্য করার দায়ে আদালত অবমাননার অভিযোগ থেকে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ফজলুর রহমান।

সোমবার (৮ ডিসেম্বর) ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এই শুনানি অনুষ্ঠিত হয়।

শুনানির শুরুতে এজলাসে দাঁড়িয়ে ফজলুর রহমান ট্রাইব্যুনালের প্রতি নিজের সম্মান পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ‘‘আমার বয়স ৭৮ বছর। জীবনে কখনো এমন কিছু বলিনি। এই কথা এমন হবে বুঝতে পারিনি। আল্লাহর পরই আপনাদের প্রতি আমার সম্মান রয়েছে।’’

ট্রাইব্যুনাল এসময় তাঁকে সতর্ক করে বলেন, ‘‘আপনি সর্বোচ্চ সতর্ক থাকবেন। আপনি একজন মুক্তিযোদ্ধা। সিনিয়র আইনজীবী। আপনার কাছে এ ধরনের বক্তব্য আশা করি না। আপনি সর্বোচ্চ সতর্ক থাকবেন।’’

এর আগে তিনি লিখিতভাবে নিঃশর্ত ক্ষমা চান এবং এজলাসে দাঁড়িয়েও অনুকম্পা প্রার্থনা করেন। পরে আদালত তাঁকে সতর্ক করে আদালত অবমাননার অভিযোগ থেকে অব্যাহতি দেন।

গত ২৩ নভেম্বর বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টিফোরের ‘মুক্তবাক: রাজনীতির তর্ক-বিতর্ক’ টকশোতে অতিথি হয়ে যান ফজলুর রহমান। টকশোর একপর্যায়ে শেখ হাসিনার রায় প্রসঙ্গে মন্তব্য করতে গিয়ে ট্রাইব্যুনাল সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন বলে অভিযোগ ওঠে।

তাঁর বিরুদ্ধে প্রসিকিউশন তিনটি কারণে অভিযোগ এনেছিল: ১. ট্রাইব্যুনালের এখতিয়ার চ্যালেঞ্জ; ২. আদালতের নিরপেক্ষতায় হস্তক্ষেপকারী ‘অভ্যন্তরীণ বন্দোবস্ত’ রয়েছে বলে দাবি; এবং ৩. প্রসিকিউশন প্রসঙ্গে অবমাননাকর মন্তব্য।

প্রসিকিউশনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। ফজলুর রহমানের পক্ষে শুনানিতে অংশ নেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল।