ফের পেছাল খালেদা জিয়ার লন্ডন যাত্রা: মঙ্গলবার আসছে না এয়ার অ্যাম্বুলেন্স

0
28

উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার কথা থাকলেও, মঙ্গলবার (৯ ডিসেম্বর) ভাড়া করা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় আসছে না। এ নিয়ে খালেদা জিয়ার লন্ডন যাত্রা পঞ্চমবারের মতো পেছাল।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানিয়েছেন, এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর জার্মানভিত্তিক এফএআই অ্যাভিয়েশন গ্রুপ সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের কাছে মঙ্গলবারের জন্য বরাদ্দ করা স্লটটি বাতিল করার আবেদন করেছে।

বিএনপি নেতারা বলছেন, খালেদা জিয়ার লন্ডন যাত্রার বিষয়টি সম্পূর্ণভাবে তাঁর শারীরিক অবস্থার ওপর নির্ভরশীল এবং এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তাঁর চিকিৎসক দল।

গত ২৩ নভেম্বর থেকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া।

শনিবার এফএআই অ্যাভিয়েশন গ্রুপ তৃতীয় পক্ষের মাধ্যমে আবেদন করলে রবিবার সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ মঙ্গলবার সকাল ৮টায় বিমানটির ঢাকায় নামার এবং ওই দিন রাত ৯টায় ঢাকা ত্যাগ করার ‘স্লট’ অনুমোদন করেছিল। কিন্তু সোমবার এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর মঙ্গলবারের সেই স্লট বাতিল করার আবেদন করে।

মেডিকেল বোর্ডের পক্ষ থেকে শনিবার বলা হয়েছিল, বিএনপি চেয়ারপারসন এখনো বিমানযাত্রার ‘সক্ষমতা অর্জন করেননি’, সেজন্যই তার যাত্রায় বিলম্ব হচ্ছে। যদিও একজন চিকিৎসক ৯-১০ ডিসেম্বরের দিকে যাত্রা সম্ভব হতে পারে বলে ধারণা দিয়েছিলেন। তবে ৯ ডিসেম্বরের স্লট বাতিল হওয়ায় যাত্রা আবার পিছিয়ে গেল।

ঢাকায় কাতার দূতাবাসের তথ্য অনুযায়ী, এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানির নুরেমবার্গভিত্তিক ‘এফএআই এভিয়েশন গ্রুপের’ কাছ থেকে ভাড়া নেওয়া হয়েছে। বিমানটি হলো বোম্বার্ডিয়ার চ্যালেঞ্জার (সিএল- ৬০) সিরিজের দুই ইঞ্জিনের জেট উড়োজাহাজ। এতে ভেন্টিলেটর, মনিটরিং ইউনিট, ইনফিউশন পাম্প, অক্সিজেন সরবরাহসহ অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম রয়েছে।

উড়োজাহাজটিতে অভিজ্ঞ চিকিৎসক, নার্স ও প্যারামেডিকস থাকবেন, যারা আকাশপথে রোগীদের নিবিড় পরিচর্যার বিষয়ে বিশেষ জ্ঞান রাখেন।

এর আগে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে শুক্রবার ভোরে তাঁকে লন্ডনে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল, যা পরে কারিগরি ত্রুটির কারণে বিলম্ব হয়। পরে কাতার দূতাবাস জানায়, আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের বদলে জার্মানি থেকে ভাড়া করা একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হবে।