মাগুরার হাজরাপুর ইউনিয়নের রামনগর গ্রামে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ৫০ জন আহত হয়েছেন। শনিবারের হামলা–পাল্টা হামলায় আহত আজিজুল ইসলাম (৩৮) চিকিৎসাধীন অবস্থায় রবিবার মারা যাওয়ার জেরে সোমবার বিকালে এ সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পুলিশ ঘটনাস্থল থেকে ৬ জনকে আটক করেছে।
মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি আহতরা জানান, গত ৬ নভেম্বর দুপুরে স্থানীয় রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন বিএনপি নেতা মতিয়ার রহমান ও শহিদুল মণ্ডল সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির জেরে আজিজুল ইসলাম গুরুতর আহত হন। এরপর ৬ ডিসেম্বর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে ৭ ডিসেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এই ঘটনার পর সোমবার রামনগর এলাকায় উভয় পক্ষের মধ্যে নতুন করে সংঘর্ষ বাধে। এতে অন্তত ৫০ জন আহত হন।
আহতদের মধ্যে ফরিদ মোল্ল্যা (৪৫), আসাদুল (৪২), রুহুল (৪০), আব্দুল মণ্ডল (৫০), সাহেব আলী (৩২), ওয়াকিল উদ্দিন (৪২), সাজ্জাদ হোসেন (৪৫), সাজেদুল ইসলাম (৫৭), সালমান (৩২), মুক্তার মণ্ডল (৫৪), উজ্জ্বল মণ্ডল (৩৫), তালেব মণ্ডল (৮২), তুরফান মণ্ডল (৪৭), আওয়াল মণ্ডল (৬২), বাচ্চু মণ্ডল (৫৫), নান্নু মণ্ডল (৪০), আজিল মণ্ডল (৪৫), আরিফুল ইসলাম (৪০), ইদ্রিস আলী (৪৩)সহ বেশ কয়েকজনকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার ওসি আইয়ুব আলী বলেন, “দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ ঘটনায় ৬ জনকে আটক করা হয়েছে।”