রাজনীতিবিদদের সদিচ্ছা থাকলে দুর্নীতি কমে আসবে: অর্থ উপদেষ্টা

0
38

রাজনীতিবিদদের সদিচ্ছা থাকলে সমাজে দুর্নীতি বা পচন ধরবে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, রাজনীতিতে এই সদিচ্ছা থাকলে দুর্নীতি উল্লেখযোগ্য হারে কমে আসবে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালেহউদ্দিন আহমেদ আর্থিক ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতাকে বড় বিষয় উল্লেখ করে বলেন, ‘‘হাজার হাজার কোটি টাকা দুর্নীতি হয়েছে, শাস্তি কি দেবেন। সারা জীবন কারাগারে থাকলেও সাজা হয় না। কারণ দেশের অনেক ক্ষতি হয়ে গেছে। শুধু শাস্তি দিয়েই নয়, সামাজিকভাবে দুর্নীতিবাজদের প্রতিরোধ করলে দুর্নীতি কমে আসবে।’’

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, বর্তমানে দুর্নীতিবাজরা উল্টো পুরস্কৃত হচ্ছেন। তিনি মন্তব্য করেন, সমাজে দুর্নীতিকে ঘৃণা করতে হবে এবং সমাজের সকল ব্যক্তির পক্ষ থেকে দুর্নীতির তথ্য আসতে হবে।

দুর্নীতি প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘দুর্নীতি বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আগে দুর্নীতিগ্রস্ত লোককে সামাজিকভাবে এভয়েড করা হতো। মানুষ ঘৃণা করতো। তারা ছেলে-মেয়েদের বিয়ে দিতে পারতো না। আর এখন লাফ দিয়ে আমরা যাই বিয়ে দিতে, সম্মান জানাতে।’’

তিনি আরও বলেন, এনফোর্সমেন্ট একটি কঠিন বিষয় হলেও বর্তমানে দুদক আগের চেয়ে বেশি দৃশ্যমান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্য দেন দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের মহাপরিচালক ড. এ কে এনামুল হক।

এছাড়াও অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, দুদকের কমিশনার (তদন্ত) মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী, দুদক সচিব মোহাম্মদ খালেদ রহীমসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।