আসছে আমির খান অভিনীত ব্লকবাস্টার ‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল!

0
32

২০০৯ সালে মুক্তি পাওয়া এবং বক্স অফিসে ঝড় তোলা বলিউড সিনেমা ‘থ্রি ইডিয়টস’ আজও সিনেপ্রেমীদের কাছে একটি কাল্ট ক্লাসিক। সেই ছবির ভক্তদের জন্য দীর্ঘ ১৫ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার সুখবর এলো—খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে এই ব্লকবাস্টারের সিক্যুয়েল।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পরিচালক রাজকুমার হিরানি নাকি ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় পর্ব নিয়ে আসার প্রস্তুতি চূড়ান্ত করেছেন।

এই সিক্যুয়েলে কাস্টিংয়ে কোনো পরিবর্তন আসছে না। প্রথম ছবির মতোই প্রধান চরিত্রগুলোতে থাকছেন সেই চেনা তারকারা: আমির খান: র‍্যাঞ্চোর ভূমিকায়, কারিনা কাপুর: তার বিপরীতে পিয়া শাস্ত্রবুদ্ধি চরিত্রে, শরমন যোশি ও আর মাধবন: র‍্যাঞ্চোর দুই প্রিয় বন্ধু রাজু রস্তোগি ও ফারহানের চরিত্রে। বর্তমানে চিত্রনাট্যের কাজ একেবারে শেষ পর্যায়ে রয়েছে বলে জানা গেছে।

প্রথম ছবির শেষে র‍্যাঞ্চোর (আমির) সঙ্গে পিয়া (কারিনা কাপুর) সাত পাকে বাঁধা পড়েছিলেন। সিক্যুয়েলের গল্প সেখান থেকেই শুরু হচ্ছে কি না, তা নিয়ে জল্পনা থাকলেও, এটি নিশ্চিত যে নতুন অ্যাডভেঞ্চারের মুখোমুখি হবে তিন বন্ধু। এর সঙ্গে রাজকুমার হিরানি স্পেশাল কৌতুকরসও থাকছে ছবিতে।

জানা যায়, পরিচালক রাজকুমার হিরানি এই সিক্যুয়েলের প্ল্যান অনেক আগেই করেছিলেন, কিন্তু তিনি সঠিক সময়ের অপেক্ষায় ছিলেন। আসন্ন এই সিক্যুয়েলকে আলোর মুখ দেখাতে তিনি আমির খানের সঙ্গে দাদাসাহেব ফালকের বায়োপিকের কাজও স্থগিত রেখেছেন।

দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী ২০২৬ সালেই আমির-কারিনা, শরমন-মাধবনের পুরো দল পর্দায় ফিরতে চলেছেন।