নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটি গণতান্ত্রিক সরকার দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এবং দ্রুত একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন প্রত্যাশা করছে—এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেল ৪টায় গুলশানে ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বিএনপি নেতাদের দেড় ঘণ্টার বেশি সময় ধরে বৈঠক হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন আমীর খসরু।
তিনি বলেন, “ইইউ দ্রুত আসন্ন নির্বাচনী প্রক্রিয়া দেখতে আগ্রহী। পরস্পরের প্রতি সম্মান বজায় রেখে কীভাবে একটি শান্তিপূর্ণ ভোটের পরিবেশ নিশ্চিত করা যায়, সেটিই ছিল আলোচনার মূল বিষয়।”
তার ভাষ্য, ব্যবসা-বাণিজ্যসহ বিদ্যমান বিভিন্ন বাধা দূর করার উপায় নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে। আমীর খসরু জানান, বিএনপি ক্ষমতায় এলে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সম্পর্ক আরও জোরদার হবে বলে তারা ইইউ পক্ষকে আশ্বস্ত করেছেন।
নির্বাচন নিয়ে বিএনপির কোনো শঙ্কা নেই উল্লেখ করে তিনি বলেন, “রাজনৈতিক অস্থিরতা বা উগ্র বক্তব্যের সংস্কৃতি বদলাতে হবে। বিএনপি আর কোনো সংঘর্ষমুখী পরিবেশ চায় না। বরং একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনেই সবাইকে যেতে হবে।”
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।