বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা, একিউআই স্কোর ২৫৯

0
29

বিশ্বের বিভিন্ন বড় শহরের মতো দিনদিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরে বায়ুদূষণের কবলে থাকা মেগাসিটি ঢাকায় সাম্প্রতিক সময়ে আবারও দূষণের মাত্রা বেড়েছে। কিছুদিন আগে শহরটির বায়ুমান উন্নতির দিকে থাকলেও বর্তমানে পরিস্থিতি আবারও অবনতির দিকে।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, একিউআই সূচকে ২৫৯ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। এই স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।

একই সময়ে সমান স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কলকাতা। তৃতীয় স্থানে মিশরের রাজধানী কায়রো (২৫৪), চতুর্থ স্থানে পাকিস্তানের লাহোর (২৪১) এবং পঞ্চম স্থানে ভারতের দিল্লি (২২৫)।

বায়ুমানের মান নির্ধারণে একিউআই সূচক শূন্য থেকে ৫০ ভালো, ৫১ থেকে ১০০ মাঝারি এবং ১০১ থেকে ১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ ‘ঝুঁকিপূর্ণ’ ধরা হয়।

বিশেষজ্ঞরা বলছেন, একিউআই ২০১ থেকে ৩০০ হলে শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের ঘরের বাইরে কার্যক্রম সীমিত রাখতে হবে। এই মাত্রার দূষণে সবারই স্বাস্থ্যঝুঁকি বাড়ে, আর ৩০১-এর ওপরে স্কোর হলে তা নগরবাসীর জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করে।