খালেদা জিয়ার আসনে যাকে প্রার্থী করল এনসিপি

0
77

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ১২৫টি আসনে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর মধ্যে বিশেষ নজরে রয়েছে দিনাজপুর-৩ আসন, যেটি ঐতিহাসিকভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আসন হিসেবে পরিচিত।

বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টায় রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেন এসব আসনে প্রাথমিকভাবে মনোনয়ন পাওয়া প্রার্থীদের নাম ঘোষণা করেন।

দিনাজপুর-৩ আসনে এনসিপি প্রার্থী করেছে দলটির জেলা আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদিরকে। একই আসনে বিএনপি ইতোমধ্যেই বেগম খালেদা জিয়ার নাম ঘোষণা করেছে। অন্যদিকে, এই আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী হিসেবে রয়েছেন অ্যাডভোকেট মইনুল আলম। ফলে দিনাজপুর-৩ আসনটি এখন তিন দলীয় প্রতিদ্বন্দ্বিতার একটি আলোচিত আসনে পরিণত হয়েছে।

এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী গণমাধ্যমে বলেছিলেন, খালেদা জিয়ার আসনে তারা প্রার্থী দেবেন না। বাস্তবে ওই আসনে প্রার্থী ঘোষণা করায় তাদের অবস্থানে পরিবর্তন এসেছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা।

সংবাদ সম্মেলনে আখতার হোসেন বলেন, “আমরা মনোনয়নপত্র বিতরণের কাজ শেষ করেছি। আজ প্রাথমিক তালিকা প্রকাশ করছি। আজ যাদের নাম প্রকাশ করব, তাদের বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে, সেটা তদন্ত করে তার প্রার্থিতা বাতিল করব।”

তিনি জানান, প্রাথমিক তালিকাটি চূড়ান্ত নয়; যাচাই–বাছাই ও অভিযোগের ভিত্তিতে পরবর্তীতে প্রার্থীতায় পরিবর্তন আনা হতে পারে।