নাইক্ষ্যংছড়ি সীমান্তে অবৈধ অনুপ্রবেশের সময় ৬ মিয়ানমার নাগরিক আটক

0
54

বাংলাদেশ–মিয়ানমার সীমান্ত অতিক্রম করে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৬ জন মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) সন্ধ্যায় ৩৪ বিজিবির অধীনস্থ বাইশফাঁড়ি বিওপি দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৩৬ নম্বর থেকে আনুমানিক ৫০ মিটার উত্তর–পশ্চিমে, বাংলাদেশের অভ্যন্তরে চাকমাপাড়া এলাকায় তাদের আটক করা হয়।

বিজিবি সূত্র জানায়, আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের তংচংগ্যা সম্প্রদায়ের পুরুষ নাগরিক। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, শুকর ধরার উদ্দেশ্যে বাংলাদেশে প্রবেশ করেছিল।

আটক ছয়জন হলেন— মংফুতাই তংচংগ্যা (৩০), পিতা মৃত মংকু, কালু তংচংগ্যা (২৬), পিতা মংচিং, মুচা তংচংগ্যা (৪৫), পিতা অংচালা, মংচিউ তংচংগ্যা (৩০), পিতা লালু তংচংগ্যা, ভেট্টিয়া তংচংগ্যা (২৫), পিতা মংচাইন, ইতুয়াইন তংচংগ্যা (১৭), পিতা মৃত চাইনচু তংচংগ্যা, তারা সবাই মিয়ানমারের রাখাইন প্রদেশের মন্ডু জেলার তুমব্রু–মেদাই গ্রামের বাসিন্দা।

বিজিবি আরও জানায়, রাত ৯টার দিকে ঘুমধুমের বাইশফাঁড়ি বিওপি থেকে আটক ৬ মিয়ানমার নাগরিককে নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তরের জন্য পিকআপযোগে পাঠানো হয়েছে। নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা আটক ও হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।