বাগেরহাটের সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি এবং গাজীপুরের আসন পাঁচটি থেকে বাড়িয়ে ছয়টি করার নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। ফলে বাগেরহাটে ৪টি এবং গাজীপুরে ৫টি আসনই থাকবে।
বুধবার (১০ ডিসেম্বর) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন।
এর আগে বাগেরহাটে সংসদীয় আসন চারটি থেকে কমিয়ে তিনটি করার গেজেটের বৈধতা চ্যালেঞ্জ করে করা রিটের চূড়ান্ত শুনানি শেষে গত ১০ নভেম্বর হাইকোর্ট রায় ঘোষণা করে। সেই রায়ে বাগেরহাটের চারটি এবং গাজীপুরের পাঁচটি আসন পুনর্বহাল করে ২৪ ঘণ্টার মধ্যে এ সংক্রান্ত গেজেট প্রকাশ করতে নির্বাচন কমিশনকে নির্দেশ দেওয়া হয়।
তখন নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেছিলেন, তারা হাইকোর্টের রায়ের কপি দেখে পরবর্তী সিদ্ধান্ত নেবেন।
এর আগে গত ১৬ সেপ্টেম্বর হাইকোর্ট বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখতে কেন নির্দেশ দেওয়া হবে না এবং একটি কমিয়ে তিনটি করার ইসির গেজেট কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করে। নির্বাচন কমিশনসহ সংশ্লিষ্টদের ১০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।
বাগেরহাটে ১৯৬৯ সাল থেকে চারটি আসনই ছিল:
বাগেরহাট-১: চিতলমারী–মোল্লাহাট–ফকিরহাট
বাগেরহাট-২: বাগেরহাট সদর–কচুয়া
বাগেরহাট-৩: রামপাল–মোংলা
বাগেরহাট-৪: মোরেলগঞ্জ–শরণখোলা

