মোহাম্মদপুরে মা–মেয়ে হত্যা: মূল আসামি গৃহকর্মী আয়েশা গ্রেপ্তার

0
84

রাজধানীর মোহাম্মদপুরে মা ও মেয়েকে হত্যার ঘটনায় মূল আসামি গৃহকর্মী আয়েশা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঝালকাঠি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে মোহাম্মদপুর থানা পুলিশ।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন কালের কণ্ঠকে বলেন, “রাজধানীর মোহাম্মদপুরে জোড়া খুনের ঘটনায় জড়িত গৃহকর্মী আয়েশাকে ঝালকাঠি থেকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ।”

সোমবার (৮ ডিসেম্বর) মোহাম্মদপুরের একটি ফ্ল্যাটে গৃহকর্মী পরিচয়ে থাকা আয়েশা, বাড়ির গৃহিণী লায়লা আফরোজ (৪৮) এবং তার মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে (১৫) হত্যা করে পালিয়ে যান বলে অভিযোগ আছে।

ওই রাতেই লায়লা আফরোজের স্বামী, স্কুলশিক্ষক আ জ ম আজিজুল ইসলাম গৃহকর্মী আয়েশাকে একমাত্র আসামি করে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

মামলার এজাহার অনুযায়ী, সোমবার সকাল ৭টার দিকে তিনি উত্তরায় নিজের স্কুলে চলে যান। সেখান থেকে স্ত্রীর মোবাইলে একাধিকবার ফোন করেও যোগাযোগ করতে না পেরে বাসায় ফিরে আসেন এবং স্ত্রী–কন্যার রক্তাক্ত লাশ দেখতে পান।

ভবনের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণে দেখা যায়, আয়েশা সকাল ৭টা ৫১ মিনিটে কাজের জন্য বাসায় প্রবেশ করেন এবং সকাল ৯টা ৩৫ মিনিটে নাফিসার স্কুলড্রেস পরে বাসা থেকে বের হয়ে যান। বের হওয়ার সময় তিনি একটি মোবাইল ফোন, ল্যাপটপ, স্বর্ণালংকার, নগদ টাকা ও অন্যান্য মূল্যবান জিনিস নিয়ে যান বলে অভিযোগে উল্লেখ রয়েছে।

সুরতহাল প্রতিবেদনে বলা হয়েছে, লায়লা আফরোজের শরীরে প্রায় ৩০টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। আর তাঁর মেয়ে নাফিসার শরীরে পাওয়া গেছে ৪টি ছুরিকাঘাতের চিহ্ন।

শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ মর্গে ময়নাতদন্তের পর মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে মা–মেয়ের মরদেহ তাদের গ্রামের বাড়ি নাটোর পৌরসভার দক্ষিণ বড়গাছায় নেওয়া হয়। জোহরের নামাজের পর জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃত আয়েশাকে ঢাকা এনে জিজ্ঞাসাবাদ করা হবে এবং মামলার তদন্তের স্বার্থে আদালতে রিমান্ড আবেদন করা হতে পারে।