লিওনেল মেসি মেজর লিগ সকারে (এমএলএস) আবারও বর্ষসেরা খেলোয়াড়ের (এমভিপি) পুরস্কার জিতেছেন। টানা দ্বিতীয়বার এই পুরস্কার জিতে এমএলএস ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে নতুন মাইলফলক গড়লেন ৩৮ বছর বয়সী আর্জেন্টাইন কিংবদন্তি।
ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত মৌসুম কাটিয়ে মেসি দলকে এমএলএস কাপ জিততে সাহায্য করেন। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯টি অ্যাসিস্ট করে ছিলেন মৌসুমের সেরা পারফরমার। এক মৌসুমে এটি এমএলএস ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলের রেকর্ডও।
পুরস্কার হাতে পেয়ে মেসি বলেন, “এই পুরস্কার পেয়ে আমি সত্যিই খুশি। টানা দুই বছর জিতে এমএলএস-এর ইতিহাসে প্রথম হতে পেরে গর্বিত। আমি অত্যন্ত কৃতজ্ঞ। তবে এই সম্মান আমার সতীর্থদের সঙ্গে ভাগ করে নিতে চাই, তাদের সহযোগিতা ছাড়া কিছুই সম্ভব হতো না।”
এমএলএস ইতিহাসে এর আগে দুইবার এমভিপি জেতার কৃতিত্ব ছিল কেবল প্রেকির, যিনি ১৯৯৭ ও ২০০৩ সালে পুরস্কার জিতেছিলেন। টানা দুইবার জেতা ছিল কারওই নয়, সেই রেকর্ডটাই ভেঙে নতুন ইতিহাস গড়লেন মেসি।
২০২৪ মৌসুমেও ঝলক দেখিয়েছিলেন তিনি—১৯ ম্যাচে ২০ গোল ও ১৬ অ্যাসিস্ট করে সেবারও এমভিপির মুকুট জেতেন। ২০২৩ সালে পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দেওয়া মেসি প্রথম বছরেই দলকে লিগস কাপ জিতিয়েছিলেন। পরের মৌসুমে ৭৪ পয়েন্ট নিয়ে ইন্টার মায়ামিকে সাপোর্টার্স শিল্ড জেতাতেও ছিল তার বড় ভূমিকা।