ঢাকার ধামরাইয়ে সাবেক শিল্প মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কামাল মজুমদারের প্রকল্পের একটি পুকুর থেকে তন্ময় দাস (২৬) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার সকালে ধামরাইয়ের কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় অবস্থিত ওই প্রকল্পের পুকুর থেকে তার লাশ ভেসে উঠতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।
নিহত তন্ময় দাস গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার তপন কুমার দাসের ছেলে। তিনি সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ওয়ার্ড বয় হিসেবে কাজ করতেন।
স্বজন ও স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে তন্ময় তার দুই বন্ধুকে নিয়ে কুল্লা ইউনিয়নের আড়ালিয়া এলাকায় সাবেক প্রতিমন্ত্রী কামাল মজুমদারের প্রকল্পের ভেতরে ঘুরতে যান। পরদিন সকালে পুকুরে তার মরদেহ ভেসে থাকতে দেখা যায়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, “মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।”