আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেও তফসিল ঘোষণার আগে উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করবেন কি না—সে বিষয়ে স্পষ্ট কোনো অবস্থান জানাননি অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি বলেছেন, তার পদত্যাগের বিষয়ে জানানো হবে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেই।
বুধবার (১০ ডিসেম্বর) সচিবালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে নিজের অধীনস্থ দুই মন্ত্রণালয়ের বিভিন্ন কর্মসূচি ও গৃহীত কার্যক্রমের চিত্র তুলে ধরেন তিনি।
সংবাদ সম্মেলনে আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, “আমি নির্বাচন করব, এটি স্পষ্ট। তবে কোথা থেকে করব, কোন দল থেকে করব—সেটি পরবর্তী সময়ে জানানো হবে।”
তফসিলের আগে তিনি উপদেষ্টা পদ ছাড়বেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “আমার পদত্যাগের বিষয়ে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হবে। আমাকে ওপরের নির্দেশনা মেনে চলতে হয়। এ জন্য এ ব্যাপারে আর বিস্তারিত বলা সম্ভব নয়।”
এর আগে নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা সরকারের অন্য কোনো পদে থেকে কেউ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হতে পারবেন না এবং কোনো প্রার্থীর পক্ষে প্রচারেও অংশ নিতে পারবেন না। ফলে আসিফ মাহমুদের প্রার্থিতা প্রশ্নে এখন দৃষ্টি থাকছে প্রধান উপদেষ্টার কার্যালয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্তের দিকে।