স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, নরসিংদীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে শিগগিরই সেনাবাহিনী, পুলিশসহ যৌথ বাহিনীর কম্বিং অভিযান পরিচালনা করা হবে।
বুধবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদীর পুলিশ লাইনসে জেলা পুলিশের অস্ত্রাগার, হাসপাতাল, রেশনসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।
জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ইতিমধ্যেই কারাগার থেকে লুণ্ঠিত বহু অস্ত্র উদ্ধার করা হয়েছে, অপরাধীরাও আইনের আওতায় এসেছে। আগে যেখানে টেঁটা ব্যবহার হতো, এখন সেখানে আধুনিক অস্ত্রের ব্যবহার বেড়েছে। যেহেতু এখানে সন্ত্রাসী–অপরাধীদের আড্ডা অনেক বেশি, তাই কম্বিং অভিযানের মাধ্যমে শান্তি ফিরিয়ে আনা হবে।’
তিনি আরও জানান, নির্বাচন নিয়ে সাধারণ মানুষের মতোই স্বরাষ্ট্র মন্ত্রণালয় ভাবিত, একই সঙ্গে এসব পরিস্থিতি মোকাবিলায় পুলিশের মনোবলও বেড়েছে। এ সময় পুলিশের প্রশিক্ষণের মান আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
স্বরাষ্ট্র উপদেষ্টার নরসিংদী সফরের অংশ হিসেবে জেলা কারাগার পরিদর্শন এবং জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে মতবিনিময় করার কথা রয়েছে।