আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও আসন-সমঝোতা উপেক্ষা করার অভিযোগে ইসলামী আন্দোলন বাংলাদেশের পটুয়াখালী জেলার প্রধান উপদেষ্টা মুফতি হাবিবুর রহমান হাওলাদারকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। এই ঘটনায় জেলার রাজনীতিতে তীব্র উত্তেজনা ছড়িয়েছে।
সোমবার রাতে পটুয়াখালী জেলা কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেলা সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন।
মুফতি হাবিবুর রহমান হাওলাদার মূলত পটুয়াখালী–১ (পটুয়াখালী সদর–মির্জাগঞ্জ–দুমকি) আসনে দলের আনুষ্ঠানিক মনোনীত প্রার্থী ছিলেন। কিন্তু তিনি দলীয় মনোনয়ন প্রত্যাহার করে পটুয়াখালী–৪ (কলাপাড়া–রাঙ্গাবালী) আসনে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেন।
দলীয় নেতৃত্ব এই পদক্ষেপকে শৃঙ্খলা ভঙ্গের গুরুতর অপরাধ হিসেবে উল্লেখ করেছে, কারণ পটুয়াখালী–৪ আসনে দল আগেই সাবেক সংসদ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমানকে চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করেছিল।
সংবাদ সম্মেলনে জানানো হয়, দলের আমীর ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীমের নির্দেশে এবং জেলা আমেলার জরুরি বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী মুফতি হাবিবুর রহমানকে স্থায়ীভাবে বহিষ্কার ও তাঁর মনোনয়ন বাতিল করা হয়েছে।
মুফতি হাবিবুর রহমান হাওলাদারের স্থলে মাওলানা আবুল হাসান বুখারীকে পটুয়াখালী–১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নতুন প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
বহিষ্কৃত হওয়ার কয়েক ঘণ্টা আগে, সোমবার সন্ধ্যায় কলাপাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মুফতি হাবিবুর রহমান দলের সিদ্ধান্ত অমান্য করে পটুয়াখালী–৪ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পটুয়াখালী জেলার রাজনীতিতে এই ঘটনা আসন্ন নির্বাচনের আগে নতুন করে উত্তেজনা ও অনিশ্চয়তার জন্ম দিয়েছে।