বাংলাদেশ-মঙ্গোলিয়ার মধ্যে ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষর

0
57

বাংলাদেশ এবং মঙ্গোলিয়ার মধ্যে কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের জন্য পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির ফলে উভয় দেশের সংশ্লিষ্ট পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৩০ দিন পর্যন্ত অবস্থান করতে পারবেন।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ-সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, এবং মঙ্গোলিয়ার পক্ষে স্বাক্ষর করেন বাংলাদেশে নিযুক্ত মঙ্গোলিয়ার অনাবাসিক রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও।

  • সুবিধা: এই চুক্তি স্বাক্ষর হওয়ায় উভয় দেশের কূটনৈতিক এবং অফিসিয়াল পাসপোর্টধারী নাগরিকেরা অপর পক্ষের ভূখণ্ডে প্রবেশ, বহির্গমন ও ট্রানজিটের ক্ষেত্রে অনধিক ৩০ দিনের জন্য ভিসা ছাড়াই অবস্থান করতে পারবেন।

  • কার্যকারিতা: চুক্তিটি অনির্দিষ্টকালের জন্য বলবৎ থাকবে। তবে যেকোনো পক্ষ ৯০ দিনের লিখিত নোটিশ প্রদানের মাধ্যমে এর অবসান ঘটাতে পারবে।

  • অনুচ্ছেদ সংখ্যা: চুক্তিতে মোট ১১টি অনুচ্ছেদ রয়েছে।

স্বাগত বক্তব্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি বলেন, ‘‘আমাদের উচিত এই কূটনৈতিক সদিচ্ছাকে ব্যবসা-বাণিজ্যিক যোগাযোগে রূপান্তর করা, যেন আমাদের অর্থনৈতিক অংশীদারত্বের পূর্ণ সম্ভাবনা বাস্তবায়িত হয়।’’

মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত গ্যানবোল্ট তামবাযাও ভিসা অব্যাহতি চুক্তির প্রসংশা করে বলেন, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের পাশাপাশি সর্বসাধারণের জন্যও ভিসা অব্যাহতি চুক্তি করা যেতে পারে।