মিয়ানমারে একটি হাসপাতালে সামরিক বিমান হামলায় কমপক্ষে ৩১ জন নিহত হয়েছেন এবং আরও ৬৮ জন আহত হয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠেয় নির্বাচনকে সামনে রেখে জান্তা সরকার দেশের বিভিন্ন স্থানে হামলা চালাচ্ছে বলে জানিয়েছে টিআরটি ওয়ার্ল্ড।
ঘটনাস্থলে উপস্থিত একজন সাহায্যকর্মী ওয়াই হুন অং জানান, বুধবার সন্ধ্যায় বাংলাদেশের সীমান্তবর্তী পশ্চিম রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ-এর জেনারেল হাসপাতালে সামরিক জেটের মাধ্যমে এই বোমা হামলা চালানো হয়।
তিনি বলেন, ‘‘পরিস্থিতি খুবই ভয়াবহ। এখন পর্যন্ত নিশ্চিত করতে পারছি যে ৩১ জন নিহত হয়েছে এবং আমাদের ধারণা মৃতের সংখ্যা বাড়বে। এছাড়াও ৬৮ জন আহত হয়েছে।’’
২০২১ সালে ক্ষমতা দখল করার পর থেকে জান্তা সরকার দেশটিতে বিমান হামলা বাড়িয়েছে। সামরিক বাহিনী আগামী ২৮ ডিসেম্বর থেকে নির্বাচন শুরু করার ঘোষণা দিয়েছে।
তবে দেশের বিদ্রোহী গোষ্ঠীগুলো তাদের নিয়ন্ত্রণে থাকা অঞ্চলে নির্বাচন আটকানোর প্রতিশ্রুতি দিয়েছে। জান্তা সরকার এসব এলাকা পুনরুদ্ধারের জন্য লড়াই করছে। গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে সংঘাতপূর্ণ এলাকায় এ ধরনের সামরিক হামলা আরও তীব্র হয়েছে।