জামায়াত আমিরের সঙ্গে জেট্রো প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

0
46

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে জাপান সরকারের অফিসিয়াল বিনিয়োগ ও বাণিজ্য উন্নয়ন সংস্থা জাপান এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রো) একটি প্রতিনিধি দল।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকটি আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় বলে জানানো হয়েছে।

জাপানি প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন জেট্রো ঢাকা অফিসের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ কাজুইকি কাতাওকা। উপস্থিত ছিলেন সুমিতোমো কর্পোরেশন এশিয়া অ্যান্ড ওশেনিয়া প্রাইভেট লিমিটেডের কান্ট্রি জেনারেল ম্যানেজার ও ঢাকাস্থ জাপানি কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশনের হিরোনোরি ইয়ামানাকা, অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মানাবু সুগাওয়ারা, মারুবেনি করপোরেশনের কান্ট্রি হেড সুগাওয়ারা মানাবু, জেট্রো ঢাকা অফিসের সিনিয়র ডিরেক্টর শরিফুল আলম এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ইশরাত জাহান।

বৈঠকে ডা. শফিকুর রহমান বলেন, জাপান বাংলাদেশের পরীক্ষিত বন্ধু এবং উন্নয়ন সহযোগী হিসেবে জাপান দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী বিদেশি বিনিয়োগকে স্বাগত জানায়।

জাপানি প্রতিনিধি দল জানায়, বর্তমানে বাংলাদেশে প্রায় তিন শতাধিক জাপানি প্রতিষ্ঠান ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে।

জামায়াত আমির জাপানি প্রতিনিধিদের ধন্যবাদ জানিয়ে আশা প্রকাশ করেন, ভবিষ্যতে বাংলাদেশে জাপানের বিনিয়োগ আরও বৃদ্ধি পাবে। বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে আরও উপস্থিত ছিলেন আইবিডব্লিউএফ-এর প্রেসিডেন্ট মুহাম্মদ শহিদুল ইসলাম।