বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার পেছনে থাকা অসৎ উদ্দেশ্য খতিয়ে দেখার আহ্বান জানিয়েছেন।
শনিবার (১৩ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির উদ্যোগে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান একথা বলেন।
তিনি বলেন, “গতকাল ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি’র ওপর যে দুষ্কৃতকারীদের হামলা হয়েছে গুলিবিদ্ধ সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন আছেন। এই হামলার পেছনে কারো কোনও অসৎ উদ্দেশ্য আছে কিনা, ভেবে দেখতে হবে।”
তারেক রহমান বলেন, “ষড়যন্ত্র থেমে নেই দেশের কল্যাণে আমরা যদি ঐকবদ্ধ না হই, তাহলে দেশ ধ্বংস হয়ে যাবে। ষড়যন্ত্র থামানো যাবে গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে। তাই যেকোনও মূল্য নির্বাচন হতে হবে।”
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, “আসুন, ঐক্যবদ্ধ হই আমরা। যে পরিকল্পনা করেছি, তা জনগণের কাছে নিয়ে যেতে হবে। তাদের বোঝাতে হবে। আমরা আমাদের পরিকল্পনা বোঝাতে পারলে অবশ্যই সাফল্য আসবে।”
উল্লেখ্য, বিএনপি আয়োজিত সাত দিনের এই কর্মসূচিতে পর্যায়ক্রমে সারাদেশের দলের বিভিন্ন ইউনিটের সদস্যরা অংশ নিচ্ছেন।
কর্মসূচি বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সভাপতিত্বে এবং যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের সঞ্চালনায় আজকের আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।