রাজধানীর মোহাম্মদপুর ও আদাবর এলাকায় পৃথক সেনা অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে তাদের গ্রেপ্তার করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আদাবর এলাকায় দেশীয় অস্ত্রসহ মো. সুজন বেপারী (২৭) ও মো. রাব্বি (২২) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা চিহ্নিত কিশোর গ্যাং সদস্য এবং তাদের বিরুদ্ধে একাধিক ছিনতাই ও ডাকাতির অভিযোগ রয়েছে। অভিযানের সময় গ্রেপ্তার এড়াতে তারা একটি দুইতলা ভবনের ছাদ থেকে পাশের টিনশেডের ওপর লাফ দিয়ে পালানোর চেষ্টা করে। পালানোর সময় তাদের আটক করে।
এ ছাড়া শুক্রবার রাতে পৃথক অভিযানে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প এলাকা থেকে ১৩০ পুরিয়া ও ১০৫ গ্রাম হেরোইনের প্যাকেট, ২০০টি ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৩২ হাজার টাকাসহ মো. বুলু (৪০) ও মো. শাহাবুদ্দিন (২৪) নামে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত হেরোইনের মূল্য প্রায় ৫ লাখ ৩২ হাজার টাকা এবং ইয়াবা ট্যাবলেটের মূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, মোহাম্মদপুর ও আদাবর থানায় অপরাধীদের হস্তান্তর করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।
তিনি আরও জানান, এ ধরনের অপরাধ এবং সন্ত্রাসীদের দৌরাত্ম্য দমনে সেনা সদস্যরা সতর্ক রয়েছে। পাশাপাশি জনগণের কাছে অনুরোধ—কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য জানতে পারেন, তা নিকটস্থ সেনাক্যাম্প বা থানাকে অবহিত করবেন। সাধারণ মানুষের জানমাল এর নিরাপত্তায় বাংলাদেশ সেনাবাহিনী এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।