সিরিয়ায় আইএসআইএস হামলায় ২ মার্কিন সেনা নিহত, প্রতিশোধের হুঁশিয়ারি ট্রাম্পের

0
55

সিরিয়ার পালমায়রাতে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট ইন ইরাক অ্যান্ড সিরিয়া (আইএসআইএস)-এর এক সদস্যের অতর্কিত হামলায় যুক্তরাষ্ট্রের দুই সেনা ও এক দোভাষী নিহত হয়েছেন। এই ঘটনায় আইএসআইএসের বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল শনিবার (১৩ ডিসেম্বর) এই হামলার ঘটনা ঘটে। নিহত সেনারা সিরিয়ার সরকারি বাহিনীর সঙ্গে যৌথ টহল দিচ্ছিলেন।

হামলার পর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে শোক প্রকাশ করে প্রতিশোধের হুঁশিয়ারি দেন। তিনি বলেন: “সিরিয়ায় তিন অসাধারণ দেশপ্রেমিকের মৃত্যুতে আমরা শোক প্রকাশ করছি। নিহতদের মধ্যে দুজন সেনা এবং বেসামরিক দোভাষী আছেন। আমরা আহত তিনজনের জন্যও প্রার্থনা করছি… এটি ছিল যুক্তরাষ্ট্র ও সিরিয়ার ওপর আইএসআইএসের হামলা। এই হামলা হয়েছে সিরিয়ার খুবই বিপজ্জনক জায়গায়। যেখানে সিরিয়ার সরকারের পূর্ণ নিয়ন্ত্রণ নেই। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা হামলার ঘটনায় খুবই ক্ষুব্ধ এবং ব্যথিত হয়েছেন। এ ঘটনায় কঠোর প্রতিশোধ নেওয়া হবে।”

আহত তিনজনের চিকিৎসায় বেশ ভালো উন্নতি হচ্ছে বলেও ট্রাম্প জানান।

গত বছর স্বৈরশাসক বাসার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করে সিরিয়ার নিয়ন্ত্রণ নেয় আহমেদ আল-সারার ইসলামপন্থি দল। এরপর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিয়ার সম্পর্কের উন্নতি ঘটে। গত মাসে হোয়াইট হাউজে ট্রাম্পের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকও করেন সারা।

বাসার আল-আসাদকে ক্ষমতাচ্যুত করার পর এটিই দেশটিতে মার্কিন সেনাদের ওপর চালানো প্রথম কোনো হামলা।

সিরিয়ার এক সেনা কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, পালমায়রার একটি সামরিক ঘাঁটিতে হামলার সময় সিরীয় ও মার্কিন সামরিক কর্মকর্তারা আলোচনা করছিলেন। তবে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, হামলার স্থানটি সিরিয়ার বর্তমান সরকারের নিয়ন্ত্রণের বাইরে ছিল।