গাজায় ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহতের দাবি

0
36

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, গাজা সিটিতে চালানো এক হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার রায়েদ সাদ নিহত হয়েছেন। তবে হামাস এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ দেয়নি।

রোববার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবারের ওই হামলায় অন্তত পাঁচজন নিহত এবং কমপক্ষে ২৫ জন আহত হয়েছেন।

হামাস এক বিবৃতিতে রায়েদ সাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত না করে জানায়, গাজা সিটির বাইরে একটি বেসামরিক গাড়িতে হামলা চালানো হয়েছে। এ ঘটনাকে তারা গত অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী টেলিগ্রামে দেওয়া এক পোস্টে দাবি করে, রায়েদ সাদ হামাসের সামরিক সক্ষমতা পুনর্গঠনের কাজে জড়িত ছিলেন, যা ইসরায়েলের দীর্ঘদিনের অভিযানে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, তিনি ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে চালানো হামলার অন্যতম পরিকল্পনাকারী ছিলেন।

যদি রায়েদ সাদের নিহত হওয়ার তথ্য সত্য হয়, তবে চলতি বছরের অক্টোবরে ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটি হবে হামাসের শীর্ষ পর্যায়ের নেতাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হত্যাকাণ্ড।

এক ইসরায়েলি প্রতিরক্ষা কর্মকর্তা রয়টার্সকে জানান, হামলায় রায়েদ সাদকেই লক্ষ্যবস্তু করা হয়েছিল এবং তিনি হামাসের অস্ত্র উৎপাদনকারী বাহিনীর প্রধান ছিলেন।

হামাসের বিভিন্ন সূত্র জানিয়েছে, রায়েদ সাদ ছিলেন ইজ আল-দিন আল-হাদ্দাদের পর সংগঠনটির সশস্ত্র শাখার দ্বিতীয় শীর্ষ কমান্ডার। একই সঙ্গে তিনি হামাসের গাজা সিটি ব্যাটালিয়নের প্রধান ছিলেন, যা গোষ্ঠীটির সবচেয়ে বড় ও সবচেয়ে সুসজ্জিত ব্যাটালিয়নগুলোর একটি হিসেবে পরিচিত।