তারেক রহমানের প্রত্যাবর্তনে অপশক্তি পরাস্ত হবে: ইশরাক হোসেন

0
48

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে দেশের সকল অপশক্তি পরাস্ত হবে বলে মন্তব্য করেছেন ঢাকা-৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

রোববার রাজধানীর গেন্ডারিয়ার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে গেন্ডারিয়া থানা জাসাসের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আয়োজিত দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে ইশরাক হোসেন বলেন, নির্বাচন কমিশন নির্বাচনের তারিখ ঘোষণা করেছে। ভোটে কাকে দেবেন, তা সম্পূর্ণভাবে জনগণের ব্যক্তিগত সিদ্ধান্ত। তবে বিএনপির পরিকল্পনা ও কর্মসূচি বিবেচনা করে ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, জনগণের ঐক্যবদ্ধ শক্তিতেই ইনশাআল্লাহ বাংলাদেশকে রক্ষা করা সম্ভব হবে।

ইশরাক হোসেন বলেন, বিএনপি একটি প্রকৃত গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে চায়, যেখানে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই নাগরিক অধিকার নিয়ে ভয় ও সন্ত্রাসমুক্ত পরিবেশে বসবাস করবে। তিনি অভিযোগ করেন, গত ১৭ বছর ধরে বিএনপি রাষ্ট্রীয় নিপীড়ন ও সন্ত্রাসের শিকার হলেও আন্দোলন থেকে কখনো পিছু হটেনি।

সারাদেশের সকল প্রার্থী ও রাজনৈতিক শক্তিকে উদ্দেশ্য করে তিনি বলেন, এই লড়াই কেবল একটি নির্বাচনের জন্য নয়; এটি বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও আগামী ৫০ বছরের ভবিষ্যৎ নির্ধারণের সংগ্রাম। আমাদের লক্ষ্য একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা।

তিনি আরও বলেন, যারা পুনরায় ক্ষমতায় ফিরে এসে দেশের স্বাধীনতা বিক্রি করতে চায়, তাদের ষড়যন্ত্র আজ জনগণের সামনে স্পষ্ট। রাষ্ট্রীয় সন্ত্রাস ও দমন-পীড়ন বিএনপির আন্দোলন থামাতে পারেনি, ভবিষ্যতেও পারবে না।

সাম্প্রতিক সহিংসতার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ইশরাক হোসেন বলেন, জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই বিএনপি ও ফ্যাসিবাদবিরোধী প্রার্থীদের লক্ষ্য করে পরিকল্পিত হামলা শুরু হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো এবং এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি প্রার্থী এরশাদুল্লাহর ওপর হামলা এরই অংশ।

তিনি অভিযোগ করেন, এসব হামলার সঙ্গে আওয়ামী লীগের সন্ত্রাসীরা জড়িত এবং সাম্প্রতিক সময়ে ফাঁস হওয়া অডিও বার্তায় হত্যার নির্দেশ ও প্রার্থী টার্গেট করার তথ্য প্রকাশ পেয়েছে।

ইশরাক হোসেন বর্তমান সরকারের প্রতি অবিলম্বে সব ধরনের হুমকি চিহ্নিত করে কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে ভবিষ্যতে আরও হামলার আশঙ্কা প্রকাশ করেন।

সকল প্রার্থী ও নেতাকর্মীদের দৃঢ় অবস্থানে থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে এবং রাজনৈতিকভাবেও তাদের বিচার নিশ্চিত করা হবে।

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা উল্লেখ করে তিনি বলেন, দেশের এই সংকটময় সময়ে তার মতো একজন অভিভাবকের নেতৃত্ব অত্যন্ত প্রয়োজন। তিনি মহান আল্লাহর কাছে তার দ্রুত সুস্থতা কামনা করেন।

বিজয়ের মাস ডিসেম্বর ও ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ইশরাক হোসেন শহীদ বুদ্ধিজীবীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করেন।

গেন্ডারিয়া থানা জাসাসের আহ্বায়ক আনোয়ার হোসেন বাবুর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক চিত্রনায়ক হেলাল খান, সদস্য সচিব জাকির হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন টিপু, হাজী মো. আকতার হোসেন, গেন্ডারিয়া থানা বিএনপির আহ্বায়ক আবদুল কাদির, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশিদ অপু ঢালী, রফিকুল ইসলাম সোহেলসহ অন্যান্য নেতৃবৃন্দ।