ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানোর ঘটনাকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। একই সঙ্গে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে যেকোনো ধরনের সংশয় ও দুশ্চিন্তা দূর করার আহ্বান জানান তিনি।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন সিইসি।
তিনি বলেন, নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন সম্পূর্ণ প্রস্তুত এবং নির্ধারিত সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা অবনতি হলো কোথায়? মাঝেমধ্যে দু’একটা খুন-খারাবি হয়। হাদির একটা ঘটনা হয়েছে। আমরা এগুলোকে বিচ্ছিন্ন ঘটনা মনে করি। এ ধরনের ঘটনা তো সবসময়ই ছিল।’
উদাহরণ টেনে সিইসি বলেন, ‘আগে কি আহসানুল্লাহ মাস্টার খুন হয় নাই? কিবরিয়া সাহেব—ফরমার ফরেন মিনিস্টার—তিনি খুন হন নাই? ইলেকশনের সময় বাংলাদেশে এ ধরনের ঘটনা ঘটে। এগুলো নতুন কিছু না।’
আইনশৃঙ্খলা পরিস্থিতির তুলনামূলক উন্নতির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। আপনারা ৫ আগস্ট ২০২৪-এর সঙ্গে তুলনা করুন। তখন কয়েকদিন থানাগুলো কার্যত অকার্যকর ছিল, পুলিশ স্টেশন কাজ করছিল না। এখন পরিস্থিতি অনেক ভালো, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘এখন আমরা শান্তিতে চলাফেরা করতে পারছি, রাস্তাঘাটে চলতে পারছি, শান্তিতে ঘুমাতে পারছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়নি। গতকালই আমরা আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছি এবং প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছি।’
নির্বাচনকালীন নিরাপত্তা প্রসঙ্গে সিইসি জানান, ‘ইনশাআল্লাহ আমাদের আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত। এখন থেকে নির্বাচন পর্যন্ত শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সুষ্ঠুভাবে নির্বাচন অনুষ্ঠানের জন্য তারা প্রয়োজনীয় প্রস্তুতির কথা আমাদের জানিয়েছে।’
শেষে তিনি বলেন, ‘নিশ্চিন্ত থাকেন। নির্বাচন সঠিক সময়ে, সঠিকভাবে—একটি সুষ্ঠু, সুন্দর ও প্রতিযোগিতামূলক নির্বাচন—ইনশাআল্লাহ আমরা দেখতে পাব। জাতিকে যে ওয়াদা দিয়েছি, তা পূরণে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ।’