মেসির দিল্লি সফরে কড়া নিরাপত্তা, যান চলাচলে কঠোর নিয়ন্ত্রণ

0
40

চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে শুরু হওয়া বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসির ভারত সফর শেষ হতে যাচ্ছে রাজধানী নয়াদিল্লি সফরের মধ্য দিয়ে। কলকাতার মতো বিশৃঙ্খলা এড়াতে এবং মেসিদর্শনে ভক্তদের নির্বিঘ্ন প্রবেশ নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তা ও প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে দিল্লি কর্তৃপক্ষ।

সোমবার (১৫ ডিসেম্বর) এনডিটিভির এক প্রতিবেদনে জানানো হয়, মেসিকে বরণ করে নিতে নয়াদিল্লিতে দিনভর কঠোর যান চলাচল নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সোমবার অরুণ জেটলি স্টেডিয়ামে মেসিকে ঘিরে মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে বেলা ১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। সাধারণ দর্শকদের জন্য ভেন্যুতে প্রবেশ উন্মুক্ত থাকবে সকাল ১১টা থেকে। এ উপলক্ষে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স্টেডিয়ামসংলগ্ন এলাকায় কঠোরভাবে যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।

‘জিওএটি ইন্ডিয়া ট্যুর’-এর অংশ হিসেবে সোমবার সকাল ১০টা ৪৫ মিনিটে দিল্লিতে পৌঁছানোর কথা রয়েছে মেসির। এরপর তিনি শহরের একটি হোটেলে প্রায় ৫০ মিনিটের ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশনে অংশ নেবেন। সেখান থেকে তিনি যাবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাসভবনে, যেখানে ২০ মিনিটের একান্ত বৈঠক হওয়ার কথা রয়েছে।

এরপর মেসি যাবেন এক সাংসদের বাসভবনে। সেখানে তার সঙ্গে সাক্ষাৎ করবেন ভারতে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মারিয়ানো আগুস্তিন কউসিনো। একই দিনে ভারতের প্রধান বিচারপতি সূর্য কান্ত ও সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গেও তার সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে।

বিকেলে অরুণ জেটলি স্টেডিয়ামে পৌঁছে মেসি পাবেন রাজকীয় সংবর্ধনা। সেখানে থাকবে সঙ্গীতানুষ্ঠানও। পরে একটি ছোট ফুটবল মাঠে ভারতের কয়েকজন সেলিব্রেটিকে নিয়ে একটি প্রদর্শনী ম্যাচ অনুষ্ঠিত হবে।

বিকেল ৩টা ৫৫ মিনিট থেকে ৪টা ১৫ মিনিট পর্যন্ত ২২ জন শিশুর সঙ্গে একটি ফুটবল ক্লিনিকে অংশ নেবেন মেসি। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাঠের মাঝখানে দুই ভারতীয় ক্রিকেটার তাকে বিশেষ উপহার প্রদান করবেন। জবাবে আর্জেন্টিনার এই মহাতারকা তাদের হাতে তুলে দেবেন দুটি সই করা জার্সি।

রাজধানীতে লক্ষাধিক ভক্তের সমাগম হতে পারে—এমন আশঙ্কায় অরুণ জেটলি স্টেডিয়াম চত্বরে বহুস্তরবিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে দিল্লি প্রশাসন। স্টেডিয়ামের চারপাশে একাধিক নিরাপত্তা বলয় তৈরি করা হবে এবং মোতায়েন থাকবে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী।

পুলিশ সূত্র জানায়, বৈধ পাস ছাড়া স্টেডিয়াম বা নির্ধারিত নিরাপত্তা এলাকায় কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। কলকাতার মতো কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকবে প্রশাসন।

এক কথায়, দিল্লিতে লিওনেল মেসিকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা যেন না ঘটে—মেসি ও ভক্ত-সমর্থকদের নিরাপত্তাই এখন দিল্লি প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার।