জাতীয় স্মৃতিসৌধে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা

0
60

মুক্তিযুদ্ধে যাঁদের প্রাণের বিনিময়ে বাংলার বুকে অর্জিত হয়েছে একটি স্বাধীন ভূখণ্ড—জাতির সেই সূর্যসন্তানদের গভীর শ্রদ্ধায় স্মরণ করতে জাতীয় স্মৃতিসৌধে নেমেছে মানুষের ঢল।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ সাভারের জাতীয় স্মৃতিসৌধে সমবেত হন। মহান বিজয় দিবস উপলক্ষে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে স্মৃতিসৌধ প্রাঙ্গণে ছিল জনস্রোত।

সরেজমিনে দেখা যায়, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক ব্যক্তিবর্গ, স্কুল-কলেজের শিক্ষার্থী, মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যরা ফুল, ব্যানার ও ফেস্টুন হাতে স্মৃতিসৌধে উপস্থিত হন। একে একে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে তাঁরা বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এতে ফুলে ফুলে ভরে ওঠে শহীদ বেদী।

জাতীয় স্মৃতিসৌধে আসা কলেজছাত্রী শারমিন আক্তার বলেন, “আমি মুক্তিযুদ্ধ দেখিনি, তবে বইয়ে মুক্তিযুদ্ধের ইতিহাস পড়েছি। আজ পরিবারের সঙ্গে প্রথমবার জাতীয় স্মৃতিসৌধে এসে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে পেরে নিজেকে গর্বিত মনে হচ্ছে।”

রাজধানীর শ্যামলীর আরিফুল ইসলাম বলেন, “যাঁদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে, তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতে আমি প্রতি বছরই জাতীয় স্মৃতিসৌধে আসি। এবারও এসে ফুল দিয়ে বীর শহীদদের স্মরণ করেছি।”

স্কুল শিক্ষক সাইফুল ইসলাম বলেন, “মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই আমরা স্বাধীনতা অর্জন করেছি। জাতির সেই সূর্যসন্তানদের স্মরণে আজ জাতীয় স্মৃতিসৌধে এসেছি। এই দিনটি আমাদের গৌরবের দিন। দেশের জন্য আত্মদানকারী বীরদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই।”

মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে এই শ্রদ্ধার দৃশ্য যেন আবারও মনে করিয়ে দেয় স্বাধীনতার মূল্য এবং ত্যাগের ইতিহাস।