দিল্লিতে শেষ হলো ভারত সফর, মেসির আবেগঘন বার্তা

0
39

কলকাতায় কিছুটা বিশৃঙ্খলার মধ্য দিয়ে শুরু হওয়া লিওনেল মেসির ভারত সফর শেষ হলো দিল্লিতে। সফরের শেষ দিন সোমবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হাজার হাজার ভক্তের উপস্থিতিতে আর্জেন্টিনা ও ইন্টার মায়ামি ফরোয়ার্ডকে এক ঝলক দেখার জন্য জমে ওঠে উৎসবমুখর পরিবেশ।

অনুষ্ঠানের শেষ দিকে মঞ্চে উঠে ভক্তদের উদ্দেশে বক্তব্য দেন বিশ্বকাপজয়ী এই ফুটবল মহাতারকা। মেসি জানান, ভারতের তিন দিনের সফর থেকে তিনি স্মরণীয় সব অভিজ্ঞতা নিয়ে ফিরছেন এবং আবারও ভারতে আসতে চান।

মাইক্রোফোন হাতে নিয়ে মেসি বলেন, “ভারতে এই তিন দিনে যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি, তার জন্য সবাইকে ধন্যবাদ। কয়েকটা দিন আমাদের জন্য সত্যিই দুর্দান্ত কেটেছে। দারুণ সব অভিজ্ঞতা নিয়ে ফিরে যাচ্ছি, যেগুলো সবার সঙ্গে ভাগাভাগি করা যাবে।”

তিনি আরও বলেন, “আপনাদের ভালোবাসা সঙ্গে নিয়ে যাচ্ছি। আবার ভারতে আসতে চাই। হয়তো ম্যাচ খেলতে, কিংবা অন্য কোনো উপলক্ষে—কিন্তু আমরা অবশ্যই আবার ভারতে আসব। এই কয়েক দিনের অফুরন্ত ভালোবাসার জন্য আবারও সবাইকে ধন্যবাদ।”

মেসির বক্তব্যের সময় মঞ্চে তার পাশে উপস্থিত ছিলেন সতীর্থ লুইস সুয়ারেজ ও আর্জেন্টাইন মিডফিল্ডার রদ্রিগো ডি’পল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত, আইসিসি চেয়ারম্যান জয় শাহ এবং সাবেক ভারতীয় ফুটবল অধিনায়ক বাইচুং ভুটিয়া, যারা মেসিকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

ভারত সফরের শেষ দিনে মেসির এমন আবেগঘন বক্তব্য ভক্তদের উচ্ছ্বাস আরও বাড়িয়ে তোলে এবং ভবিষ্যতে আবার তাকে মাঠে দেখার প্রত্যাশা জাগিয়ে রাখে।