পদ্মা সেতুতে দুটি বাসের সংঘর্ষে তোফায়েল মিয়া (২৭) নামে এক বাস সহকারী নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে শরীয়তপুরের জাজিরা প্রান্তে পদ্মা সেতুর ২৯ নম্বর পিলারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তোফায়েল মিয়া মাদারীপুর সদর উপজেলার দক্ষিণপাড়া এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে। তিনি বর্তমানে শরীয়তপুরের জাজিরা উপজেলার ফকির মাহমুদ আকন কান্দি এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন।
সেতু কর্তৃপক্ষ ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে কুয়াকাটাগামী পদ্মা স্পেশাল পরিবহন নামের একটি বাস সেতুর ওপর ২৯ নম্বর পিলারের কাছে হঠাৎ থেমে যায়। এ সময় পেছন থেকে ঢাকা থেকে ভাঙ্গাগামী বসুমতী পরিবহন নামের আরেকটি বাস সজোরে ধাক্কা দেয়। এতে বসুমতী পরিবহনের হেলপার তোফায়েল মিয়া ঘটনাস্থলেই নিহত হন।
দুর্ঘটনার পর সেতু কর্তৃপক্ষ আহতদের উদ্ধার করে দ্রুত বিভিন্ন হাসপাতালে পাঠায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়। পরে সেতু কর্তৃপক্ষের রেকার ব্যবহার করে দুর্ঘটনাকবলিত বাস দুটি আলাদা লেনে সরিয়ে নেওয়া হয়, ফলে বড় ধরনের যানজট সৃষ্টি হয়নি।
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, “পদ্মা স্পেশাল পরিবহনটি চলন্ত অবস্থায় হঠাৎ থেমে গেলে পেছন থেকে বসুমতী পরিবহন ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে এবং বাস দুটি সরিয়ে নেওয়ায় যান চলাচল স্বাভাবিক ছিল।”
পদ্মা সেতু দক্ষিণ থানার উপপরিদর্শক কবির হোসেন বলেন, “খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”