দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়েতে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৪, আহত ২৫

0
45

ভারতের দিল্লি-আগ্রা এক্সপ্রেসওয়ের মাথুরা অংশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় চারজন নিহত এবং অন্তত ২৫ জন আহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে ঘন কুয়াশার কারণে সাতটি বাস ও তিনটি গাড়ির মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর কয়েকটি যানবাহনে আগুন ধরে যায়।

পুলিশ জানিয়েছে, কুয়াশার কারণে সামনে কিছুই দেখা না যাওয়ায় একের পর এক যানবাহন পরস্পরের সঙ্গে ধাক্কা খায়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাথুরার পুলিশের জ্যেষ্ঠ সুপারিনটেনডেন্ট শোলক কুমার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধার অভিযান প্রায় শেষের দিকে। দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে সড়কটি যান চলাচলের উপযোগী করার কাজ চলছে।”

তিনি আরও জানান, আহত ২৫ জনকে নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাদের কারও অবস্থাই আশঙ্কাজনক নয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাস ও গাড়ির যাত্রীদের সরকারি ব্যবস্থাপনায় নিরাপদে নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

দুর্ঘটনার কারণে কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হলেও পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সূত্র: এনডিটিভি