বাংলাদেশের পেস বোলিং কোচ হওয়ার প্রসঙ্গে যা বললেন শোয়েব আখতার

0
21

তিন দিনের সফরে বাংলাদেশে এসেছেন পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতার। আসন্ন বিপিএলের ১২তম আসরে ঢাকা ক্যাপিটালসের মেন্টরের দায়িত্ব পালন করবেন তিনি। এ কারণেই টুর্নামেন্ট শুরুর আগেই ঢাকায় পা রাখেন ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ খ্যাত এই গতিতারকা।

বাংলাদেশে এসে গতকাল গণমাধ্যমের মুখোমুখি হন শোয়েব আখতার। এ সময় তাকে প্রশ্ন করা হয়—বাংলাদেশ জাতীয় দলের পেস বোলিং কোচের দায়িত্ব পেলে তিনি তা গ্রহণ করবেন কি না?

জবাবে শোয়েব আখতার বলেন, “শন টেইট বাংলাদেশের ইতিহাসের অন্যতম সেরা পেস বোলিং কোচ। টেইট থাকলে আমাকে লাগবে না। সে একজন দারুণ কোচ, ভালো ও সৎ মানুষ। আমি যদি কখনো বাংলাদেশে আসি, আমি সমর্থকদের কাছে চ্যাম্পিয়ন হিসেবে আসতে চাই। কোচিংয়ের সুযোগ এলে তখন চিন্তা করব, তবে আমার হাতে অত বেশি সময় নেই। এখনো শন টেইটই সেরা পছন্দ।”

বাংলাদেশের তরুণ গতিতারকা নাহিদ রানাকে নিয়েও মন্তব্য করেন শোয়েব। তিনি বলেন,
“নাহিদ রানার ক্ষেত্রে বলব—ট্রেনিং চালিয়ে যেতে হবে। শরীরে চাপ নিতে হবে। যদি তার মাসেল শক্ত থাকে, পেস ঠিক থাকে, চিন্তাভাবনা ও আত্মবিশ্বাস ঠিক থাকে, তাহলে সে দুনিয়ার অন্যতম সেরা হতে পারে। তাসকিনের মধ্যে এসব গুণ আছে। সে এখন খুব ভালো ছন্দে রয়েছে।”

বাংলাদেশ ক্রিকেট নিয়ে নিজের অনুভূতির কথাও জানান সাবেক এই পাকিস্তানি পেসার। ১৯৯৯ সালের বিশ্বকাপে বাংলাদেশের কাছে পাকিস্তানের হার এখনও তার মনে আছে বলে জানান তিনি।

শোয়েব বলেন, “১৯৯৯ বিশ্বকাপে আমরা বাংলাদেশের কাছে হেরেছিলাম, সেই ম্যাচে আমি খেলেছি। এরপর দুই দেশের মধ্যে অনেক পরিবর্তন এসেছে। বাংলাদেশ সবসময় জিততে চায়। বাংলাদেশের মানুষ ক্রিকেটকে অনেক ভালোবাসে, প্লেয়ারদেরও ভালোবাসে। বাংলাদেশ ভালো করলে আমার সত্যিই খুব ভালো লাগে। আফগানিস্তান বা ছোট দলগুলো জিতলেও, যারা সেরা পাঁচে নেই, তাদের সাফল্য দেখলেও আমার ভালো লাগে।”

বিপিএলের মেন্টর হিসেবে শোয়েব আখতারের উপস্থিতি ঢাকা ক্যাপিটালসের পাশাপাশি পুরো টুর্নামেন্টে বাড়তি আকর্ষণ যোগাবে বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।