গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় একটি ওরসের পুড়ে যাওয়া খিচুড়ি বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে আহাম্মদ আলী (৬০) নামে এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে।
আজ বুধবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়ন শখের বাজার এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আহাম্মদ আলী ওই ইউনিয়নের নয়ন সুখ গ্রামের আপিল মুন্সীর ছেলে এবং স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক ছিলেন।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উপজেলার মুরশিদের বাজার এলাকায় বাৎসরিক ওরস অনুষ্ঠিত হয় এবং সেখানে মুসল্লিদের জন্য খিচুড়ি রান্না করা হয়েছিল।
ওরস শেষে স্থানীয় মুন মিয়া এক প্যাকেট খিচুড়ি সঙ্গে করে নিয়ে এসে বাজারের দোকানে অবস্থানরত পল্লী চিকিৎসক আহাম্মদ আলীকে দেন। পরদিন বুধবার সকালে মুন মিয়ার সঙ্গে দেখা হলে আহাম্মদ আলী তাকে দেওয়া খিচুড়িটি খাওয়ার অযোগ্য ‘পোড়া খিচুড়ি’ বলে অভিযোগ করেন। এই নিয়ে মুন মিয়ার সঙ্গে আহাম্মদ আলীর বাগবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে মুন মিয়া ও তার লোকজন আহাম্মদ আলীকে কিল-ঘুষি ও লাথি মারতে শুরু করে। এতে আহাম্মদ আলী গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
স্থানীয়রা আহাম্মদ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি তাজুল ইসলাম আরও জানান, খবর পেয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও তিনি নিশ্চিত করেন।