নির্বাচনী প্রচারণায় সব প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করতে ইসির চিঠি

0
44

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনসহ সব বেসরকারি টেলিভিশন চ্যানেলের নির্বাচনী প্রচারে সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৭ ডিসেম্বর) ইসি সচিবালয়ের পরিচালক (জনসংযোগ) ও তথ্য প্রদানকারী কর্মকর্তা মো. রুহুল আমিন মল্লিক স্বাক্ষরিত এই চিঠি দেওয়া হয়।

ইসি তার চিঠিতে সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে একটি অনুকূল নির্বাচনী পরিবেশ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেছে। এই ক্ষেত্রে টেলিভিশন চ্যানেলগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে উল্লেখ করা হয়েছে।

চিঠিতে সরকারি ও বেসরকারি চ্যানেলগুলোকে নিম্নলিখিত বিষয়ে সমান সুযোগ নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়:

আসন্ন নির্বাচন ও গণভোট উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান, সাক্ষাৎকার, টকশো বা নির্বাচনী সংলাপ প্রচারের সময় সব রাজনৈতিক দল ও প্রার্থীর প্রতি সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কোনো দল বা প্রার্থীকে হেয়প্রতিপন্ন করা না হয়, সে বিষয়ে সতর্কতা অবলম্বন ও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

ইসি মনে করিয়ে দিয়েছে যে, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা ২০২৫-এর বিধি ২৫-এ স্পষ্ট বলা আছে: গণমাধ্যমে নির্বাচনী সংলাপে অংশগ্রহণকারী প্রার্থী বা দলের প্রতিনিধি কোনো ব্যক্তিকে আক্রমণ করে বক্তব্য দিতে পারবে না।

নির্বাচনী প্রচারণায় সমতা ও নিরপেক্ষতা বজায় রাখতে সব গণমাধ্যমকে সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছে নির্বাচন কমিশন।