নীলফামারীর ডিমলা উপজেলার সদর ইউনিয়নের উত্তর তিতপাড়া ভাটিয়া পাড়ায় জমির সীমানা সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে শাহিনুর ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত শাহিনুর ওই এলাকার ফজলুল হকের ছেলে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিনুর ইসলামের সঙ্গে তার প্রতিবেশী মকলেছার রহমান গংদের দীর্ঘদিন ধরে বাড়ির পার্শ্ববর্তী জমির সীমানা এবং পারিবারিক বিষয় নিয়ে বিরোধ চলছিল।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মকলেছার রহমান, সামসুল হক, মকছেদুল, ইউনুছ আলীসহ কয়েকজন যখন জমির সীমানার আইল সরাতে গেলে শাহিনুর ইসলাম বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং একপর্যায়ে প্রতিপক্ষের লোকজন শাহিনুর ইসলামকে আটক করে লাঠিসোঁটা দিয়ে শরীরের স্পর্শকাতর স্থানে এলোপাতাড়ি আঘাত করে। এতে শাহিনুর ইসলাম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন। তাকে মুমূর্ষু অবস্থায় ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় নিহতের ছোট ভাই রুবেল ইসলাম বাদী হয়ে ডিমলা থানায় ৬ জনের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।
ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শওকত আলী সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান: নিহতের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। মামলার আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান শুরু করেছে এবং দ্রুত গ্রেপ্তারের আশাবাদ ব্যক্ত করেন তিনি।
বর্তমানে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে।