পুরান ঢাকার প্লাস্টিক কারখানার আগুন নিয়ন্ত্রণে

0
54

রাজধানীর পুরান ঢাকার লালবাগ এলাকায় একটি প্লাস্টিক কারখানায় লাগা আগুন প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে এসেছে। আজ বুধবার বিকেল ৪টার দিকে ফায়ার সার্ভিস এই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত করেছে।

দুপুর দেড়টায় আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১টা ৫০ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। শুরুতে লালবাগ, হাজারীবাগ ও পলাশী থেকে আসা ইউনিটসহ মোট ১১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও কয়েকটি ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগা কারখানাটি লালবাগের চেয়ারম্যানঘাট এলাকায় অবস্থিত।

তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। ফায়ার সার্ভিস ও স্থানীয় কর্তৃপক্ষ ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ শুরু করেছে।