পোস্টাল ব্যালটে ভোট: সরকারি–সামরিক কর্মকর্তাদের SMS পাঠানোর নির্দেশ ইসির

0
37

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দায়িত্বপ্রাপ্ত সব কর্মকর্তা–কর্মচারীকে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনের আহ্বান জানিয়ে খুদে বার্তা (এসএমএস) পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৭ ডিসেম্বর) ইসির অতিরিক্ত সচিব ও ওসিভি-এসডিআই প্রকল্প পরিচালক কে এম আলী নেওয়াজ স্বাক্ষরিত এক চিঠি অর্থ মন্ত্রণালয়ের সচিবের কাছে পাঠানো হয়েছে। চিঠি থেকে এ তথ্য জানা যায়।

চিঠিতে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে দেশের অভ্যন্তরে কর্মরত সরকারি কর্মকর্তা/কর্মচারী এবং সশস্ত্র বাহিনীতে কর্মরত কর্মকর্তা/কর্মচারীরা (আইবাস++ সিস্টেমের মাধ্যমে বেতনভোগী) ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন। নিবন্ধন চলবে ২৫ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত।

এতে আরও বলা হয়েছে, আগামী ২৫ ডিসেম্বরের মধ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে রেজিস্ট্রেশন সম্পন্ন করার জন্য আইবাস++ সিস্টেমভুক্ত সব সামরিক ও বেসামরিক কর্মকর্তা–কর্মচারীর কাছে এসএমএস পাঠাতে হবে। খুদে বার্তায় জানানো হবে যে, আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালটে ভোট প্রদানের লক্ষ্যে সব সরকারি (সামরিক ও বেসামরিক) কর্মকর্তা–কর্মচারীকে উক্ত তারিখের মধ্যে অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে অনুরোধ করা হচ্ছে।

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠানো হবে। ভোটার ব্যালটে ভোট দিয়ে ফিরতি খামে তা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন। তফসিল ঘোষণার পর থেকে আজ সকাল পর্যন্ত ৪৬ হাজার ৫৩০ জন সরকারি কর্মকর্তা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন করেছেন।