গত মৌসুমে ইতিহাস গড়ে প্রথমবার উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জিতেছিল প্যারিস সেন্ট–জার্মেই (পিএসজি)। সেই সাফল্যের স্পষ্ট প্রতিফলন দেখা গেল ফিফা দ্য বেস্ট ফুটবল অ্যাওয়ার্ডসে। ইউরোপজয়ী মৌসুমে অনবদ্য পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে বর্ষসেরা পুরুষ ফুটবলার নির্বাচিত হয়েছেন পিএসজির ফরাসি ফরোয়ার্ড উসমান দেম্বেলে।
ফিফার এই মর্যাদাপূর্ণ পুরস্কারে কিলিয়ান এমবাপে ও স্পেনের কিশোর সেনসেশন লামিনে ইয়ামালকে পেছনে ফেলেছেন দেম্বেলে। পিএসজির হয়ে দুর্দান্ত এক মৌসুম কাটানো এই তারকা ছিলেন ক্লাবের প্রথম চ্যাম্পিয়নস লিগ জয়ের অন্যতম নায়ক।
সাফল্যের ধারাবাহিকতায় সেরা কোচের পুরস্কার উঠেছে পিএসজির কোচ লুইস এনরিকের হাতে। বর্ষসেরা পুরুষ একাদশেও ছয়জন খেলোয়াড় নিয়ে আধিপত্য দেখিয়েছে ফরাসি ক্লাবটি। সেরা গোলরক্ষকের স্বীকৃতি পেয়েছেন পিএসজির হয়ে ইতিহাস গড়ে পরে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া জিয়ানলুইজি দোনারুমা।
দেম্বেলে গত মৌসুমে পিএসজির জার্সিতে ছিলেন দুর্দমনীয়। চ্যাম্পিয়নস লিগ অভিযানে তিনি করেন ৮টি গোল ও ৬টি অ্যাসিস্ট। ২০২৪–২৫ মৌসুমে ইউরোপীয় প্রতিযোগিতা ও লিগ-১ উভয় ক্ষেত্রেই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার (এমভিপি) নির্বাচিত হন তিনি। পিএসজির ঘরোয়া ট্রেবল জয়ের পেছনেও ছিল তাঁর বড় অবদান। ২৮ বছর বয়সী এই ফরোয়ার্ড দলকে প্রথমবারের মতো ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে তুললেও শেষ ম্যাচে চেলসির কাছে হেরে শিরোপা হাতছাড়া করে পিএসজি।
নারী ফুটবলেও পুরস্কারে আধিপত্য দেখিয়েছেন বার্সেলোনার তারকা মিডফিল্ডার আইতানা বোনমাতি। উয়েফা নারী চ্যাম্পিয়নস লিগ ও উয়েফা ইউরোর ফাইনালে তাঁর দল হেরে গেলেও দুই প্রতিযোগিতারই মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হন তিনি। বার্সেলোনার ঘরোয়া ট্রেবল জয়ে নেতৃত্ব দিয়ে টানা তৃতীয়বারের মতো ফিফা দ্য বেস্ট বর্ষসেরা খেলোয়াড় হলেন বোনমাতি।
বর্ষসেরা পুরুষ একাদশেও পিএসজির ছাপ স্পষ্ট। গোলরক্ষক দোনারুমার সঙ্গে দলে আছেন আশরাফ হাকিমি, উইলিয়ান পাচো, নুনো মেন্ডেস, ভিতিনহা ও উসমান দেম্বেলে। তাঁদের সঙ্গে জায়গা করে নিয়েছেন ক্লাব বিশ্বকাপের গোল্ডেন বল জয়ী কোল পামার এবং স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামাল।