ভেনেজুয়েলায় যাওয়া–আসা সব তেল ট্যাঙ্কার অবরোধের নির্দেশ ট্রাম্পের

0
40

ভেনেজুয়েলায় প্রবেশ ও দেশটি থেকে বের হওয়া সব ধরনের অনুমোদিত তেল ট্যাঙ্কার ‘অবরোধের’ নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিকোলাস মাদুরো সরকারের বিরুদ্ধে সামরিক ও অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর অংশ হিসেবেই ওয়াশিংটনের এ সর্বশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে।

রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প কীভাবে এসব অনুমোদিত জাহাজের বিরুদ্ধে অবরোধ আরোপ করবেন, তা এখনও স্পষ্ট নয়। তবে তার প্রশাসন ইতোমধ্যে ওই অঞ্চলে হাজার হাজার সেনা ও প্রায় এক ডজন যুদ্ধজাহাজ মোতায়েন করেছে, যার মধ্যে একটি বিমানবাহী রণতরীও রয়েছে।

ট্রাম্প মঙ্গলবার তার সোশ্যাল প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যালে’ লিখেছেন, ‘আমাদের সম্পদ চুরি ও সন্ত্রাসবাদ, মাদক চোরাচালান ও মানব পাচারসহ আরও অনেক কারণে ভেনেজুয়েলার সরকারকে একটি বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। অতএব, আজ আমি ভেনেজুয়েলায় প্রবেশ ও বাইরে যাওয়া সমস্ত অনুমোদিত তেল ট্যাঙ্কার সম্পূর্ণরূপে অবরোধের নির্দেশ দিচ্ছি।’

এ ঘোষণার পর এক বিবৃতিতে ভেনেজুয়েলার সরকার ট্রাম্পের এ পদক্ষেপকে ‘ভয়াবহ হুমকি’ আখ্যা দিয়ে তা প্রত্যাখ্যান করেছে।

রয়টার্স জানায়, এখন ঘোষণা দেওয়া হলেও গত সপ্তাহে ভেনেজুয়েলার উপকূলে একটি তেল ট্যাঙ্কার আটক করার পর থেকেই কার্যত এ অবরোধ কার্যকর রয়েছে। কারণ, লাখ লাখ ব্যারেল তেলবোঝাই অনেক জাহাজই আটক হওয়ার আশঙ্কায় ভেনেজুয়েলার জলসীমায় অবস্থান করছে, সামনে এগোচ্ছে না।

ওই আটকের ঘটনার পর থেকে ভেনেজুয়েলার অপরিশোধিত তেল রপ্তানি তীব্রভাবে কমে গেছে। এর প্রভাব পড়েছে বিশ্ববাজারেও। আজ বুধবার এশীয় বাজারে তেলের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে।