মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার : নাহিদ ইসলাম

0
49

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক মো. নাহিদ ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের নামে দেশকে বিভাজন করা যাবে না। মুক্তিযুদ্ধ আমার, জুলাইও আমার। 

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় আগ্রাসনবিরোধী যাত্রা শেষে শাহবাগে সমাবেশে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম।

নাহিদ ইসলাম বলেন, একটি গোষ্ঠী ইসলামের নামে দেশকে বিভাজন করার চেষ্টা চালাচ্ছে। জাতীয় রাজনীতিতে ধর্মের নামে ভোট চাওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনীতির মাধ্যমে মুজিববাদ ব্যবহার করে বাংলাদেশকে বিভক্ত রেখেছে। আমরা মনে করি, মুক্তিযুদ্ধ বাংলাদেশ রাষ্ট্রের অন্যতম ভিত্তি। পার্শ্ববর্তী দেশ বারবার বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করেছে। আমরা ৫ আগস্ট আওয়ামী লীগের বয়ান থেকে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষা বের করে নতুন বয়ান প্রতিষ্ঠা করেছি।

নাহিদ ইসলাম বলেন, বাংলাদেশ স্বাধীনতার ৫৪ বছর পার হলেও মুক্তিযুদ্ধের প্রশ্নে এখনও সঠিক সমাধান আসেনি। নির্বাচনের পথে বাধা সৃষ্টি করা হচ্ছে। আমরা চাই সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক উত্তরণ। তিনি সরকারের নিরাপত্তা ব্যর্থ হলে জনগণই নিজেদের নিরাপত্তা নিশ্চিত করবে বলে জানান।

নাহিদ বলেন, শরিফ ওসমান হাদির ওপর হামলার পর বিষয়টিকে সহজভাবে দেখা সম্ভব নয়। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদের হাতে নিতে হবে। জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নেই। পুলিশ যদি ব্যর্থ হয়, আমরা পাল্টা ব্যবস্থা নেব।