গুয়াদালাহারাকে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোতে বার্সেলোনা

0
44

কোপা দেল রের ম্যাচে তৃতীয় স্তরের ক্লাব গুয়াদালাহার বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে শেষ ষোলোতে উঠেছে বার্সেলোনা। তবে এই ম্যাচে স্প্যানিশ জায়ান্টদের ঘাম ঝরাতে হয়েছে বেশ।

গুয়াদালাহারার মাঠে হওয়া এই ম্যাচে বার্সা কোচ হান্সি ফ্লিক মূল একাদশে রাখেননি বেশ কয়েকজন তারকা ফুটবলারকে। ফেররান তোরেস, রাফিনিয়া, পেদ্রি—এদের সবাইকে বসিয়ে রেখে ঘুরিয়ে-ফিরিয়ে দল সাজান তিনি।

স্টেডিয়ামের অস্থায়ী গ্যালারির সমস্যার কারণে ম্যাচ শুরু হতে দেরি হয় প্রায় আধা ঘণ্টা। এই ম্যাচে বিশ্রাম দেওয়া হয় নিয়মিত গোলরক্ষক জোয়ান গার্সিয়াকেও। ফলে প্রায় ২১২ দিন পর আবার শুরুর একাদশে সুযোগ পান মার্ক-আন্দ্রে টের স্টেগেন।

ম্যাচের শুরু থেকেই একচেটিয়া বল দখলে ছিল বার্সেলোনার। পুরো ম্যাচে প্রায় ৮০ শতাংশ সময় বল ছিল তাদের নিয়ন্ত্রণে। কিন্তু এত বল দখলে রেখেও গোলের সুযোগ তৈরিতে ভুগতে হয়েছে ফ্লিকের শিষ্যদের।

দীর্ঘ সময় গোলশূন্য ড্রয়ের দিকে এগোতে থাকা ম্যাচে প্রাণ ফেরে ৭৬ মিনিটে। ফ্রেঙ্কি ডি ইয়ংয়ের সুন্দর ক্রসে হেড করে ডেডলক ভাঙেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন। বলটি প্রতিপক্ষের এক ডিফেন্ডারের গায়ে লেগে দিক বদলে জড়িয়ে যায় জালে, বার্সেলোনা পায় কাঙ্ক্ষিত লিড।

তৃতীয় স্তরের দল হয়েও এরপর সমতায় ফেরার কয়েকটি ভালো সুযোগ তৈরি করে গুয়াদালাহারা। তবে গোলপোস্ট তাদের সঙ্গ দেয়নি। বরং উল্টো দিকেই আসে গোল। ৯০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মার্কাস রাশফোর্ড। ইয়ামালের থ্রু পাস ধরে ডি-বক্সের ভেতরে গোলকিপারকে কাটিয়ে তীক্ষ্ণ কোণ থেকে নিখুঁত শটে গোল করেন ইংলিশ ফরওয়ার্ড।

এই জয়ে কোপা দেল রের শেষ ষোলো নিশ্চিত করল বার্সেলোনা। সামনে এখন লা লিগার লড়াই। আগামী রবিবার ভিয়ারিয়ালের মাঠে লিগ ম্যাচ খেলবে কাতালান ক্লাবটি। ১৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ইতোমধ্যে লিগ টেবিলের শীর্ষে রয়েছে তারা।