যুবদল নেতা আরিফ সিকদার হত্যা মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথীকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হক এ আদেশ দেন।
এর আগে ১৫ ডিসেম্বর কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে খাদিজা ইয়াসমিন বিথীকে গ্রেপ্তার করা হয়। ১৬ ডিসেম্বর তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম। তবে সেদিন মামলার মূল নথি না থাকায় আদালত তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য ১৮ ডিসেম্বর তারিখ ধার্য করেছিলেন।
নির্ধারিত দিনে বিথীকে আদালতে হাজির করা হলে তার পক্ষে আইনজীবী বাদল মিয়া রিমান্ড নামঞ্জুর করে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর সৈয়দ গোলাম মর্তুজা ইবনে ইসলাম রিমান্ড আবেদন মঞ্জুরের পক্ষে শুনানি করেন। উভয় পক্ষের বক্তব্য শোনার পর আদালত জামিন আবেদন খারিজ করে পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তার মৃত্যু হয়।
আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তরের ৩৬ নং ওয়ার্ড যুবদলের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন। এ ঘটনায় আরিফের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যাচেষ্টা মামলা করেন। আরিফের মৃত্যুর পর মামলাটি হত্যা মামলায় রূপান্তরিত হয়।
এই মামলায় এরই মধ্যে মূল আসামি সুব্রত বাইন গ্রেপ্তার হয়ে রিমান্ডে রয়েছে বলে জানানো হয়েছে।