নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ করতে বিস্তারিত নিরাপত্তা নির্দেশনা দিল ইসি

0
53

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষায় বিস্তারিত নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটার, প্রার্থী, কর্মকর্তা ও নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অবৈধ অস্ত্র, গুজব ও অপতথ্য রোধে বিশেষ অভিযান চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এক পরিপত্রে এসব নির্দেশনা জারি করা হয়।

মূল নির্দেশনাগুলো

  • সকল দল ও প্রার্থী যাতে নির্বিঘ্নে প্রচারণা চালাতে পারে এবং ভোটাররা নিরাপদে ভোট দিতে পারে, তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনী সম্পূর্ণ প্রস্তুত থাকবে।

  • ক্ষুদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করা হবে।

  • রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিরাপত্তা দেওয়া হবে।

  • ভোটকেন্দ্র ও নির্বাচনী সামগ্রীর নিরাপত্তা বজায় রাখা হবে।

বাহিনী মোতায়েন ও কার্যক্রম

  • স্বরাষ্ট্র মন্ত্রণালয় লীড মন্ত্রণালয় হিসেবে নির্বাচন পূর্ব, নির্বাচনকালীন ও নির্বাচন পরবর্তী আইনশৃঙ্খলা নিশ্চিত করবে।

  • কেন্দ্রভিত্তিক স্থায়ী মোতায়েন, স্থায়ী/অস্থায়ী চেকপোস্ট, মোবাইল টহল, আভিযানিক দল ও স্ট্রাইকিং ফোর্স কার্যকর থাকবে।

  • ভোটের আগে ৪ দিন, ভোটের দিন ও ভোটের পর ২ দিন আইনশৃঙ্খলা ও অপতথ্য মনিটরিং সেল পূর্ণাঙ্গভাবে সচল থাকবে।

  • অবৈধ অস্ত্র উদ্ধার ও গুজব-অপতথ্য রোধে বিশেষ অভিযান চলবে।

  • ঝুঁকিপূর্ণ কেন্দ্রে অতিরিক্ত নিরাপত্তা, সিসি ক্যামেরা কাভারেজ ও বডি ক্যামেরায় লাইভ পর্যবেক্ষণ নিশ্চিত করা হবে।

ইসি জানিয়েছে, ভোটারদের স্বচ্ছ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দিতেই এসব প্রস্তুতি নেওয়া হয়েছে।

আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।