মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ২৮০ পিস ভায়াগ্রা উদ্ধার, নারী-শিশুসহ ৪ জন আটক

0
49

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে আসামীবিহীন অবস্থায় ২৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পৃথক অভিযানে অবৈধভাবে সীমান্ত পারাপারের সময় নারী ও শিশুসহ চার বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে।

বিজিবি সূত্র জানায়, গত ১৭ ডিসেম্বর রাত সাড়ে ৯টার দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর লড়াইঘাট বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় সীমান্ত পিলার ৬০/১৩৭-আর-এর কাছ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে লড়াইঘাট গ্রামের একটি বাঁশঝাড়ে অভিযান চালানো হয়। সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ২৮০ পিস ভায়াগ্রা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অন্যদিকে, ১৮ ডিসেম্বর সকালে খোসালপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/১০৫-আর-এর কাছ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের সময় এক পুরুষ, এক নারী ও এক শিশুসহ তিনজনকে আটক করে। পরে তাদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়।

একই দিন দুপুরে শ্রীনাথপুর বিওপির টহল দল সীমান্ত পিলার ৬০/১৫৩-আর-এর কাছ থেকে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় এক নারীকে আটক করে। তাকে পরে যশোরের জাস্টিস অ্যান্ড কেয়ার মানবাধিকার সংস্থার প্রতিনিধির কাছে হস্তান্তর করা হয়।

মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) জানিয়েছে, সীমান্তে মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে।