রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিরাপত্তা জোরদারে পুলিশ চেয়েছে ইসি

0
52

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে সারা দেশের রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েনের অনুরোধ জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিবকে এ সংক্রান্ত নির্দেশনা দেওয়ার জন্য চিঠি পাঠিয়েছে ইসি। চিঠিতে স্বাক্ষর করেছেন ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন।

চিঠিতে উল্লেখ করা হয়, ১১ ডিসেম্বর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়সূচি জারি করা হয়েছে এবং ইতোমধ্যে রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। এসব কার্যালয়ে নির্বাচন-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি, নির্বাচনী মালামাল ও যন্ত্রপাতি সংরক্ষিত থাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সেগুলোর নিরাপত্তা অত্যন্ত জরুরি।

এ অবস্থায় রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার অফিসগুলোতে থাকা নথি, সরঞ্জাম ও কর্মকর্তা-কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে “প্রয়োজনীয় সংখ্যক পুলিশ ফোর্স” মোতায়েনের নির্দেশনা দিতে অনুরোধ জানিয়েছে ইসি।

ইতোমধ্যে ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবন, দেশের সব নির্বাচন অফিস এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি), চার নির্বাচন কমিশনার ও ইসি সচিবের নিরাপত্তা বাড়ানো হয়েছে বলে কমিশন সূত্রে জানা গেছে।

আগামী বছরের ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। সে হিসেবে মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৯ ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে কমিশনে আপিল দায়ের শেষ তারিখ ১১ জানুয়ারি আর নিষ্পত্তি ১২ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২০ জানুয়ারি, রিটার্নিং কর্মকর্তা দ্বারা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি, নির্বাচনী প্রচার চলবে ২২ জানুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত।